বিজ্ঞান ও প্রযুক্তি

পরিবেশবাদীদের আপত্তিতে আইনি চ্যালেঞ্জ

পরিবেশের চাপে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার প্রকল্প

পানি ও পরিবেশ

  • 3:32 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
পরিবেশের চাপে ভারতে গুগলের ১৫ বিলিয়ন ডলারের ডেটাসেন্টার প্রকল্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৯ আগষ্ট: ভারতের অন্ধ্র প্রদেশে গুগলের পরিকল্পিত ১৫ বিলিয়ন ডলারের ডেটাসেন্টার প্রকল্প নির্মাণ ঘিরে পরিবেশগত উদ্বেগ ক্রমেই বাড়ছে। পানি সরবরাহ, বন্য প্রাণীর আবাসস্থল ও নির্মাণ কাজের শব্দ দূষণ নিয়ে পরিবেশবাদীদের আপত্তির পাশাপাশি প্রকল্পটি একাধিক আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছে।

দক্ষিণ ভারতের বিশাখাপট্টনম শহরের কাছে নির্মাণাধীন এই ডেটাসেন্টার হাবকে ভারতে গুগলের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পস্থলে পাহাড়ের ঢাল কেটে লাল মাটির বিস্তীর্ণ অংশ উন্মুক্ত করে ধাপে ধাপে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকল্পটির সম্ভাব্য পানির ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বিশাখাপট্টনমের জলাধার ও নদীগুলো থেকে প্রতিদিন প্রায় ৪১০ মিলিয়ন লিটার পানি সরবরাহ করা হয়। বিপরীতে শহরটির দৈনিক পানির চাহিদা প্রায় ৪৮০ মিলিয়ন লিটার। প্রায় ২৫ লাখ মানুষের এই শহরে পানির রেশনিং বা নিয়ন্ত্রিত সরবরাহও নিয়মিত ঘটনা। এ অবস্থায় পরিবেশবাদীদের আশঙ্কা, ডেটাসেন্টার চালু হলে পানি সরবরাহের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশাখাপট্টনমে পরিবেশকর্মী ও শিশুরা বিক্ষোভ করেছে। তাদের হাতে ‘আমরা ডেটা পান করতে পারি না’ লেখা ব্যানারও দেখা গেছে।

অলাভজনক সংগঠন গ্রিন বিশাখার প্রতিষ্ঠাতা রাজা রামা মোহন রায় বলেন, মানুষের জীবিকা বিসর্জন দিয়ে উন্নয়ন হওয়া উচিত নয়। তাঁর দাবি, শহরটি এমনিতেই পানির সংকটে রয়েছে। ফলে দীর্ঘমেয়াদে ডেটাসেন্টারের জন্য পানি সরবরাহের সরকারি প্রতিশ্রুতি উদ্বেগের কারণ।

প্রকল্পটির পরিবেশগত প্রভাব নিয়ে অন্ধ্র প্রদেশ হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। জল বিরাদারি বা ‘ওয়াটার কমিউনিটি’ নামে একটি সংগঠন অভিযোগ করেছে, কাছাকাছি একটি জলাধারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে প্রকল্পটি পানি সরবরাহ ব্যবস্থাকে আরও সংকটে ফেলতে পারে। আগামী ২৪ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে হিউম্যান রাইটস ফোরাম প্রকল্পটির বিরুদ্ধে পরিবেশবিষয়ক আদালতে আরও তিনটি মামলা করেছে। সংগঠনটির অভিযোগ, গ্রামীণ সুপেয় পানির প্রকল্প থেকে পানি নেওয়ার সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন না করেই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।

তবে অন্ধ্র প্রদেশ সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, ডেটাসেন্টারের জন্য গ্রামীণ বা আবাসিক ব্যবহারের পানি নেওয়া হবে না এবং কাছাকাছি জলাধারটিও ব্যবহার করা হবে না। পরিবেশবাদীদের উদ্বেগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ উল্লেখ করলেও সরকার জানিয়েছে, বৈধ কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গুগল জানিয়েছে, প্রকল্পটি সব প্রযোজ্য আইন মেনেই নির্মাণ করা হবে। স্থানীয় গুরুত্বপূর্ণ পানিসম্পদ রক্ষায় উন্নত এয়ার কুলিং প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু পানিই নয়, বন্য প্রাণী ও শব্দদূষণ নিয়েও উদ্বেগ রয়েছে। প্রকল্পস্থল থেকে প্রায় ৮৬০ মিটার দূরে কাম্বালাকোন্ডা বন্য প্রাণী অভয়ারণ্য অবস্থিত। সেখানে চিতাবাঘ ও বনরুইসহ বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল রয়েছে। পরিবেশবাদীদের আশঙ্কা, ভারী নির্মাণকাজ ও শব্দদূষণ এসব প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে গুগল জানিয়েছে, নির্মাণকাজের শব্দ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য, তারা স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায়।

গুগল প্রকল্পটি বাস্তবায়নে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে। প্রকল্পটি সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বজুড়েই বর্তমানে ডেটাসেন্টার নির্মাণ নিয়ে পরিবেশগত উদ্বেগ বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের প্রসারের কারণে ডেটাসেন্টারের সংখ্যা দ্রুত বাড়লেও এসব স্থাপনা পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি প্রয়োজন হয়। ফলে পানি সংকটপ্রবণ অঞ্চলে নতুন ডেটাসেন্টার নির্মাণ নিয়ে পরিবেশগত ও সামাজিক বিতর্কও তীব্র হচ্ছে।

বিশাখাপট্টনমে গুগলের ১৫ বিলিয়ন ডলারের প্রকল্পটি তাই একদিকে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে পানি ও পরিবেশ সুরক্ষার প্রশ্নও সামনে এনেছে। প্রকল্পটি শেষ পর্যন্ত কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au