খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১২ আগষ্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে দুই যুবক রাতে বাড়ি থেকে বের হন। পরে মহেশপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ওই স্থান অতিক্রম করার সময় তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রাজবাড়ি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোডশেডিংয়ের কারণে তারা ঘর থেকে বের হয়ে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। ভাঙ্গা রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।