বাংলাদেশ

কেরানীগঞ্জ থেকে সাভার

একই নেটওয়ার্কের ১১ নাশকতা, বড় ধরণের বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল জেএমবি

১১ ঘটনায় নব্য জেএমবির যোগসূত্র, সাভারে মিলল বোমার আস্তানা

  • 6:11 pm - August 13, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
সাভারে মসজিদের মাঠ থেকে বোমা উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের পর যশোরে গ্রেনেড ও অস্ত্র উদ্ধার, রাজধানীর বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও উদ্ধার এবং সর্বশেষ সাভারে পরপর দুটি অভিযানে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় একই উগ্রপন্থী গোষ্ঠীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, অন্তত আটটি ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে ১১টি ঘটনার মধ্যে যোগসূত্রের পাশাপাশি বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠ থেকে প্রেশার কুকার সদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে সেটির ভেতরে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার দেখতে পান। পরে তাঁরা সেটি ড্রাম থেকে বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ইমরান হোসেন জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা গিয়ে সন্দেহজনক বস্তুটি নিষ্ক্রিয় করেন। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানায়, আগের রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপ বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ছবিঃ সংগৃহীত

এর ঠিক আগের রাতেই সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপ বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি। এর আগে মঙ্গলবার দুপুরে হেমায়েতপুর এলাকা থেকে মোহাম্মদ আরিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণ শ্যামপুরের ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আরিফের কাছ থেকে একটি ব্যাগে পাঁচটি বিস্ফোরক সদৃশ বস্তু, ছুরির মতো দেখতে আরও তিনটি বস্তু এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসি ও ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ওই বাড়িতে অভিযান চালায়।

জব্দ তালিকা অনুযায়ী, বাড়িটির একটি কক্ষ থেকে ছয়টি বোমা এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে রাসায়নিক পদার্থ, বারুদ, গানপাউডার, বৈদ্যুতিক তার, ধাতব বল, নাইট্রিক অ্যাসিড ও প্লাস্টিকের পাত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কেরানীগঞ্জের আল কুরা মাদ্রাসায় বিস্ফোরণ, যশোরের বাঘারপাড়ায় গ্রেনেড ও অস্ত্র উদ্ধার, রাজধানীতে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের ওপর হামলা, বিভিন্ন স্থানে বোমা উদ্ধার এবং সাভারের সাম্প্রতিক দুটি ঘটনাকে একই ধারার কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। তবে সবগুলো ঘটনার মধ্যে সরাসরি সাংগঠনিক যোগসূত্র এখনো তদন্ত করে নিশ্চিত করা হয়নি।

কেরানীগঞ্জ থেকে শুরু তদন্ত

গত বছরের ২৬ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের আল কুরা মাদ্রাসায় বিস্ফোরণের পর তদন্তে নতুন কিছু তথ্য পাওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে জঙ্গি নেটওয়ার্কের কয়েকজন সদস্য ও সহযোগীর বিষয়ে তথ্য পাওয়া যায়।

এর ধারাবাহিকতায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়ায় যৌথ বাহিনী অভিযান চালায়। সেখানে নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা হাফিজ খালিদ ইব্রাহিমের ব্যক্তিগত গাড়িচালকের বাসা থেকে ১০টি শক্তিশালী গ্রেনেড, তিনটি বিদেশি পিস্তল, ১৯টি গুলি, একটি চাপাতি, একটি ছুরি ও একটি ক্ষুর উদ্ধার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।

এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও সন্দেহজনক বোমা উদ্ধারের ঘটনা ঘটে।

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ। ছবিঃ ওটিএন বাংলা

২১ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ মার্চ কুমিল্লার একটি মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। ১২ মার্চ ফেনীতে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ২৫ মার্চ যাত্রাবাড়ীর জনপদ মোড়ে তল্লাশির সময় একটি পাইপ বোমা বিস্ফোরিত হয়।

এরপর ২২ জুন উত্তরার দক্ষিণখানে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমা উদ্ধার করা হয়। ৩০ জুলাই আশুলিয়ার একটি মুদিদোকান থেকে প্রেশার কুকার বোমা উদ্ধার করে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সিটিটিসি ও অ্যান্টি-টেররিজম ইউনিটের কর্মকর্তাদের দাবি, এসব ঘটনার কয়েকটির সঙ্গে নব্য জেএমবির সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে মতিঝিল ও আশুলিয়ার ঘটনাকে সম্ভাব্য বড় ধরনের নাশকতার প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন তাঁরা।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, সাভারে গ্রেপ্তার আরিফকে জিজ্ঞাসাবাদে আশুলিয়ার একটি মুদিদোকানে প্রেশার কুকার বোমাসহ একটি ব্যাগ রেখে আসার তথ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বড় ধরনের নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে ওই বোমা সেখানে রাখা হয়েছিল।

সিটিটিসির প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক মোহাম্মদ শামসুল হক বলেন, প্রতিটি ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশি নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বশেষ অভিযানও সেই কার্যক্রমের অংশ।

যে বাড়িতে মিলল বিস্ফোরক

সাভারের দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েক মিনিট হাঁটার দূরত্বে আবদুল জলিলের তিনতলা বাড়ি। বাড়িটির পেছনের দিকে বারান্দাসহ দুটি কক্ষের একটি ফ্ল্যাট রয়েছে। এর একটি কক্ষ তালাবদ্ধ ছিল। অন্য কক্ষটি গত ২ আগস্ট আব্বাস আলী নামে এক ব্যক্তি ভাড়া নেন।

বাড়ির মালিকের মেয়ে জবেনূর জিদনী জানান, ‘টু লেট’ দেখে আব্বাস আলী বাসাটি ভাড়া নিতে আসেন। তিনি নিজেকে ট্রাকচালক পরিচয় দিয়ে পরিবার নিয়ে থাকার কথা বলেন। জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে বাসা ভাড়া নেওয়ার পর ৫ আগস্ট সেখানে এসে সিলিং ফ্যান লাগান। এরপর ওই কক্ষে কারা যাতায়াত করতেন, তা তাঁরা জানতেন না।

মঙ্গলবার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে ওই কক্ষে প্রবেশ করে। পরে মধ্যরাত পর্যন্ত অভিযান চলে।

পুলিশের জব্দ তালিকায় পাওয়া তথ্য অনুযায়ী, ওই কক্ষ থেকে ছয়টি বিস্ফোরক সদৃশ বস্তু ছাড়াও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় মোহাম্মদ আরিফ, নাজমুল হাসান মামুন, মো. আব্বাস আলী, কামাল হোসেন, বাপ্পী, রাকিবসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঢাকার সাভারে বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে ধোঁয়া ওঠে। বেলা সাড়ে তিনটার দিকে সাধাপুর এলাকায় মসজিদের মাঠে।ছবি: সংগৃহীত

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিষিদ্ধ নব্য জেএমবির সদস্য এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ সাভার এলাকায় অবস্থান করছিলেন। তাঁদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।

আরিফ ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরিফকে ঘিরে নতুন তথ্য

সিটিটিসির সূত্র বলছে, হেমায়েতপুর থেকে গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। ২০২৩ সালে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় করা ওই মামলায় ২০২৪ সালের ১ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারাগার থেকে মুক্তি পান বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। তাঁর বর্তমান ঠিকানা হিসেবে টঙ্গীর ভরান এলাকার কথা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি একসময় টঙ্গীর একটি ছাপাখানায় গ্রাফিকসের কাজ করতেন।

তদন্তকারীদের মতে, কারাগার থেকে বের হওয়ার পর আরিফ কার কার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁদের সঙ্গে তাঁর কী ধরনের যোগাযোগ ছিল, তা এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

একই নেটওয়ার্কে পুরোনো কয়েকজন

সিটিটিসির তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় এমন কিছু ব্যক্তির নাম উঠে এসেছে, যাঁরা অতীতে জঙ্গিবাদ বা উগ্রপন্থী তৎপরতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার শেখ আল আমিন ও অলি উল্লাহ জনির নামও তদন্তে এসেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সাভারের ঘটনায় গ্রেপ্তার আরিফ এবং মামলার পলাতক আসামি মামুন ও বাপ্পীর সঙ্গেও সাম্প্রতিক ঘটনাগুলোর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

মতিঝিলে রথযাত্রার সময় বিস্ফোরক উদ্ধার—ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জোরালো হচ্ছে। ছবি: সংগৃহীত

তদন্তসংশ্লিষ্টদের দাবি, মামুন প্রায় নয় বছর আগে জঙ্গিবাদ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। ২০১৭ সালে রাজধানীর পান্থপথের হোটেল ওলিওতে বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম নামে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাঁর নামও ছিল। তবে চলতি বছরের জানুয়ারিতে ওই মামলায় মামুনসহ সব আসামিকে আদালত খালাস দেন।

কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা জেলা পুলিশ সূত্র জানিয়েছে। তাঁদের মধ্যে শেখ আল আমিন ও তাঁর স্ত্রী আছিয়া বেগমও রয়েছেন। আছিয়া বেগম ওই মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এবং বিস্ফোরণের সময় আহত হন বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শেখ আল আমিন এর আগে ২০১৭ ও ২০২০ সালে উগ্রবাদী তৎপরতা-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৩ সালে তিনি জামিনে মুক্তি পান। তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত অলি উল্লাহ জনিও ২০১৭ সালে নারায়ণগঞ্জের ফতুল্লা, রূপগঞ্জ ও নরসিংদী থানার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।

বড় নাশকতার আশঙ্কা

সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতা নিয়ে তদন্তকারীদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ হলো, এসব শুধু বিচ্ছিন্নভাবে বোমা তৈরি বা সংরক্ষণের ঘটনা কি না, নাকি এর পেছনে সমন্বিত কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে একদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে বোমা উদ্ধার, অন্যদিকে সাভারের মতো ঢাকার প্রবেশপথসংলগ্ন এলাকায় বিস্ফোরক মজুতের তথ্য পাওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্তকারীরা এখন সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, উত্তরা ও মতিঝিলের ঘটনাগুলোর মধ্যে যোগাযোগের সূত্র খুঁজছেন। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন, যোগাযোগের তথ্য, আর্থিক লেনদেন এবং তাঁদের যাতায়াতের বিষয়ও যাচাই করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, এখন পর্যন্ত পাওয়া তথ্য নব্য জেএমবির একটি সক্রিয় বা পুনর্গঠিত অংশের উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তবে ১১টি ঘটনার সবগুলোর পেছনে একই সাংগঠনিক কাঠামো কাজ করেছে কি না, তা নিশ্চিত হতে আরও তদন্ত ও প্রমাণের প্রয়োজন রয়েছে।

সাভারে পরপর দুটি ঘটনায় বিস্ফোরক উদ্ধারের পর ওই এলাকার নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং তাঁদের মাধ্যমে সম্ভাব্য নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস নিজেদের কার্যক্রম বিস্তারের জন্য নতুন সেল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা…

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

জাপানি তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ১৪ আগস্ট- জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ জাতের তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের একটি কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।…

বিল গেটসের মেয়ের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘কুকি স্টাফিং’ অভিযোগ

মেলবোর্ন, ১৪ আগস্ট: মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে ফিবি গেটসের সহপ্রতিষ্ঠান ফিয়ার বিরুদ্ধে অনলাইনে পণ্য বিক্রির কমিশন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য ‘কুকি স্টাফিং’ পদ্ধতি ব্যবহারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au