বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৯ আগষ্ট: রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে বাছাই শেষে দুজন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ইসি সচিব জানান, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শুরুর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ সদস্যরা স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন এবং নির্ধারিত স্থানে ভোট দিয়ে তা ব্যালট বাক্সে জমা দেবেন। বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণের পর ভোট গণনা শুরু হবে।
ভোট গণনার সময় কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি অব্যবহৃত রয়েছে-এসব হিসাব করা হবে। বৈধ ভোটের মধ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রাথমিক ভাবে সংসদ কক্ষেই তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার চারটি ধাপের মধ্যে মনোনয়ন পত্র জমা, বাছাই ও প্রত্যাহার-তিনটি ধাপ শেষ হয়েছে। এখন শুধু ভোটগ্রহণ বাকি। তাঁর ভাষ্য, ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে এমন একটি নতুন অভিজ্ঞতার জন্য সবাই অপেক্ষা করছে।