বাংলাদেশ

ওটিএন বাংলার অনুসন্ধান

বিয়ে ঠিক হয়নি তাদের, প্রেমিকের বেকারত্ব নিয়ে চিন্তিত ছিলেন আগামী চক্রবর্তী

  • 5:22 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
প্রেমিকের বেকারত্ব নিয়ে চিন্তিত ছিলেন আগামী চক্রবর্তী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুরের চার হত্যাকাণ্ড নিয়ে ওটিএন বাংলার হাতে নতুন তথ্য এসেছে। বিভিন্ন গণমাধ্যমে নিহত আগামী চক্রবর্তী ও তাঁর প্রেমিক অদিত করের বিয়ে ঠিক হওয়ার খবর প্রকাশিত হলেও, আগামী চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের দাবি, দুজনের সম্পর্ক থাকলেও বিয়ে ঠিক হয়নি। বরং প্রেমিকের বেকারত্বের কারণে আগামীকে পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে নেওয়া হচ্ছিল না। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চিন্তিত ছিলেন আগামী।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মকে হত্যার ঘটনার তদন্তের মধ্যেই আগামী ও তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে এসব তথ্য সামনে এসেছে।

আগামীর এক ঘনিষ্ঠ বন্ধু ওটিএন বাংলাকে বলেন, প্রেমিকের চাকরি না থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলেন আগামী। বিষয়টি তাঁর পরিবারের কয়েকজন সদস্যও জানতেন। তবে পরিবার থেকে সম্পর্কটি পুরোপুরি মেনে নেওয়া হয়নি। এ কারণে আগামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি করেন ওই বন্ধু।

ওই বন্ধু বলেন, ‘সে দীর্ঘদিন ধরে এটা নিয়ে ডিপ্রেশনে ছিল। প্রেমিকের চাকরি না থাকায় তাঁর পরিবারে অনেকেই সম্পর্কের বিষয়টি জানলেও মেনে নেয়নি।’

বন্ধু ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, অদিত করের সঙ্গে আগামীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে তাঁদের বিয়ে চূড়ান্ত হয়েছিল, এমন তথ্য সঠিক নয়। বিয়ের বিষয়ে পরিবারের সম্মতি পাওয়ার বিষয়টি নিয়েই আগামী চিন্তিত ছিলেন।

অদিত করের ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবিঃ সংগৃহীত

এদিকে হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আগামীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেন অদিত কর। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল, সেদিন আমরা তো কখনো কাপল পিক তুলি নাই। চলো আজকে তুলি। চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকব।’

আগামীর কয়েকজন বন্ধু জানান, মরদেহ উদ্ধারের পরদিন রোববার তাঁরা অদিতের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় অদিত দাবি করেন, তিনি তিন দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন। তবে আগামীর সঙ্গে হত্যাকাণ্ডের আগের দুদিন তাঁর যোগাযোগ হয়েছিল কি না, সে প্রশ্নের স্পষ্ট উত্তর তিনি দেননি বলে দাবি বন্ধুদের।

পরে অদিত তাঁর ফেসবুক দেয়ালে আগামীর সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। বন্ধুরা তাঁকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পরামর্শ দেন। কিন্তু এরপর থেকেই অদিত তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে রাখেন বলে দাবি করেছেন তাঁরা।

আগামীর বন্ধুদের ভাষ্য, অদিতের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে অদিতের এই আচরণের সঙ্গে চার হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও তদন্ত সংস্থার পক্ষ থেকে করা হয়নি। ফলে বিষয়টি তদন্তের অংশ হিসেবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তদন্তভার ডিবিতে

গত শনিবার রাতে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গণপতি চক্রবর্তী ছিলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।

হিন্দু শিক্ষকের বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

এদিকে চার হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দ্রুত আদালতে প্রতিবেদন দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের উপকমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান সনাতন চক্রবর্তী।

তিনি জানান, সোমবার বিকেলে মামলার আগের তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি ডিবি কার্যালয়ে গিয়ে মামলার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

মামলার নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক জিনাত আলী। দায়িত্ব হস্তান্তরের পর পুরোনো ও নতুন তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে আগের তদন্ত কর্মকর্তা নতুন তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

এখন থেকে ডিবি পুলিশ পুরো হত্যাকাণ্ডের তদন্ত করবে এবং আদালতে তদন্ত প্রতিবেদন দেবে।

দুই আসামির স্বীকারোক্তি, মিলেছে নতুন তথ্য

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় গ্রেপ্তার দুই যুবক রোববার রাতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিবির প্রধান সনাতন চক্রবর্তী বলেন, আদালতে দেওয়া দুই আসামির বক্তব্যের সঙ্গে পুলিশের আগে দেওয়া সংবাদ সম্মেলনের বক্তব্যের মূলত মিল রয়েছে। তবে জবানবন্দিতে তাঁরা কিছু অতিরিক্ত তথ্য দিয়েছেন। এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ছবিঃ সংগৃহীত

এর আগে রোববার ভোরে মাছুয়াপাড়া এলাকা থেকে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ জানায়, শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার আগে ও পরে বাড়িতে কারা যাতায়াত করেছিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি, নিহত আগামী চক্রবর্তীর মোবাইল ফোন থেকে ভোররাতে পাঠানো বার্তা এবং তাঁর সঙ্গে অদিত করের সর্বশেষ যোগাযোগসহ বেশ কিছু বিষয় নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

বিশেষ করে হত্যাকাণ্ডের আগের রাতে আগামী চক্রবর্তীর মোবাইল ফোন থেকে তাঁর এক বন্ধুকে বার্তা পাঠানোর তথ্য এবং এরপর তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই বার্তাটি আগামী নিজে পাঠিয়েছিলেন, নাকি অন্য কেউ তাঁর ফোন ব্যবহার করে পাঠিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরদিন রোববার চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর দখিগঞ্জ শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

এই শাখার আরও খবর

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার

মেলবোর্ন, ২৫ আগষ্ট- কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ আরও বাড়ানো হলে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কানাডার অন্টারিও প্রদেশের প্রধান…

বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

মেলবোর্ন, ২৫ আগষ্ট-  চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁর…

ডার্ক ওয়েব: তথ্য সুরক্ষায় ফাঁক শনাক্তেও ব্যর্থতা

মেলবোর্ন, ২৫ আগষ্ট-  বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের ঘটনা সামনে এলেও অনেক প্রতিষ্ঠান নিজেরাই এসব ঘটনা সময়মতো শনাক্ত করতে পারছে না। এতে নাগরিকদের ব্যক্তিগত…

শিশু আছিয়া হত্যা মামলার রায় সোমবার, হাইকোর্টে শুনানি পেছাল

মেলবোর্ন, ২৫ আগষ্ট- বহুল আলোচিত মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার দিন…

স্কুলে হিজাব পরার অনুমতি চেয়ে রিট, আবেদন খারিজ ভারতের আদালতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ভারতের এলাহাবাদ হাইকোর্ট স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব বা স্কার্ফ পরার অনুমতি চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন,…

হাইতিতে গ্যাংয়ের হামলায় নিহত ৪৭, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ বাসিন্দারা

মেলবোর্ন, ২৫ আগষ্ট- হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে কেন্সকফ এলাকায় রাতভর সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au