বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি

  • 5:37 pm - August 27, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং ডনের বিদেশে পালানোর চেষ্টার নেপথ্যের তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে দেওয়া আবেদনে জানিয়েছে সিআইডি।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বৃহস্পতিবার, ২৭ আগস্ট দিন ধার্য করেছেন। এদিন আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

সিআইডির আবেদনে রিমান্ডের পক্ষে তিনটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। প্রথমত, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা। দীর্ঘদিনের আলোচিত এ ঘটনায় ডনের ভূমিকা এবং তিনি কী কী তথ্য জানেন, তা যাচাই করতে চায় সিআইডি।

দ্বিতীয়ত, এ ঘটনায় ডনের সঙ্গে সম্পৃক্ত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ডনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানা সম্ভব হতে পারে বলে মনে করছে তদন্ত সংস্থা।

তৃতীয়ত, ডনের বিদেশে পালানোর চেষ্টার বিষয়টিও তদন্ত করতে চায় সিআইডি। বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকার পরও তিনি কীভাবে এবং কার প্ররোচনায় দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থা। এ চেষ্টার পেছনে কারা ছিলেন এবং কেন তিনি বিদেশে যেতে চেয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ওই দিন তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় আশরাফুল হক ওরফে ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন পর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্ত শুরু হওয়া এবং ডনের গ্রেপ্তারের পর মামলাটি আবারও আলোচনায় এসেছে।

এই শাখার আরও খবর

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au