বিশ্ব

মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ

  • 7:37 pm - August 27, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ।

মেলবোর্ন, ২৭ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেপ্তার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসই হত্যাকারী বলে দাবি করেছে মহানগর পুলিশ। দুই আসামির আদালতে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও মেয়েকে বাড়ির ছাদে হত্যা করা হয়। পরে মরদেহগুলো এমনভাবে লুকিয়ে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে সহজে দেখা না যায়।

বৃহস্পতিবার সকালে মামলার তদন্তের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের আদালতে দেওয়া জবানবন্দির কিছু অংশ সাংবাদিকদের পড়ে শোনান। তবে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট শুক্রবার ভোররাতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ইয়াবা নিয়ে সীমান্ত দাসের বাসায় যান। সেখানে তারা ইয়াবা সেবনের পর আরও ইয়াবা সংগ্রহ করেন। পরে কামাল কাছনা এলাকার একটি বাড়ির প্রাচীর টপকে এবং পাশের বাড়ির ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন। সেখানে পানির ট্যাংকের আড়ালে বসে তারা আবার ইয়াবা সেবন করতে থাকেন।

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, ওই রাতে দুই তরুণ মোট আটটি ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ভোর হয়ে গেলেও তারা বিষয়টি খেয়াল করেননি। সকালে গণপতি চক্রবর্তী ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলেন এবং সেখানে কী করছেন জানতে চান। নিজেদের পরিচয় ও কর্মকাণ্ড প্রকাশ পাওয়ার আশঙ্কায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশের দাবি।

এরপর গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী শব্দ শুনে ছাদে এলে তারাও চিৎকার শুরু করেন। পুলিশ জানায়, মুগ্ধ প্রীতিলতা চক্রবর্তীর গলা চেপে ধরেন এবং সিদ্ধার্থ আগামী চক্রবর্তীর গলা ও মুখ চেপে ধরেন। পরে প্রীতিলতাকে শ্বাসরোধে হত্যা করা হয়। আগামীকে হত্যার সময় প্রথমে গামছা ব্যবহার করা হয় এবং পরে কবুতরের খাবারের বাক্সে থাকা রশি দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় বলে জবানবন্দির বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, তিনজনকে হত্যার পর গণপতির মরদেহ ছাদে থাকা টিন দিয়ে ঢেকে রাখা হয়। প্রীতিলতা ও আগামী চক্রবর্তীর মরদেহ ছাদের সিঁড়ির গেটের আড়ালে রাখা হয়, যাতে পাশের বাড়ির ছাদ থেকে সেগুলো দেখা না যায়।

এরপর দুই তরুণ বাড়ির ভেতরে ঢুকে গণপতির ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে দেখতে পান। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘুম থেকে ওঠা আয়ুশ সিদ্ধার্থকে দেখে জানতে চায়, তিনি সেখানে কেন এসেছেন। পরে তার গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

হত্যাকাণ্ডের পর সিসি ক্যামেরায় ঘটনা ধরা পড়ার আশঙ্কায় আসামিরা ছাদে পড়ে থাকা একটি পুরোনো প্লাস দিয়ে বাড়ির বিদ্যুতের তার কেটে দেন বলে জানিয়েছে পুলিশ। পরে হত্যাকাণ্ডকে চুরি বা ডাকাতির ঘটনা হিসেবে দেখাতে ঘরের ড্রয়ার খুলে জিনিসপত্র এলোমেলো করা হয়। মুগ্ধ ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে এলে সিদ্ধার্থ সেগুলো প্লাস্টিকের বাক্স ও কাপড়ের প্যাকেটে রাখেন। পরে তারা বাড়ি থেকে ১৫ হাজার টাকা নিয়ে যান বলেও পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর দুই আসামি বাড়িতেই গোসল করেন এবং সেখানে থাকা আরও একটি ইয়াবা সেবন করেন। পরে জুমার নামাজের সময় গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ থেকে পাশের দেবুদের বাড়ির ছাদে যান তারা। দেয়াল টপকে সেখান থেকে বেরিয়ে মুগ্ধ টাকা এবং সিদ্ধার্থ স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। পরে তারা এসব জিনিস গোপন করার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।

মামলার তদন্তে গ্রেপ্তার মুগ্ধ দাসের আদালতে দেওয়া জবানবন্দিতেও একই ধরনের বর্ণনা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। পাশাপাশি সীমান্ত দাস ও দখিগঞ্জ শ্মশানের কেয়ারটেকার বিদ্যুৎ দাসের আদালতে দেওয়া জবানবন্দিও তদন্তে নেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার জানান, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্ট এবং ডিএনএ নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। আদালতের অনুমতি নিয়ে নমুনা সংগ্রহের পর প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত ও বিভিন্ন ব্যক্তির জবানবন্দি বিশ্লেষণ করেও তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ময়নাতদন্তের বরাত দিয়ে মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণ পাওয়া গেছে। নিহত আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীর মরদেহ থেকে সংগ্রহ করা ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এদিকে হত্যাকাণ্ডের সময় আসামিদের চিৎকার এক প্রতিবেশী নারী শুনেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই নারী পুলিশকে বিষয়টি জানান। পুলিশ কমিশনারের দাবি, পুলিশকে ঘটনা জানানোর কারণে ওই নারীর স্বামী তাকে মারধরও করেন।

তবে চার খুনের ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে হত্যার উদ্দেশ্য, আসামিদের দীর্ঘ সময় বাড়িতে অবস্থান এবং ঘটনাস্থলের আলামত নিয়ে নিহত পরিবারের স্বজন ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এর মধ্যেই মামলার তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে পুলিশ দুই আসামির জবানবন্দিকে হত্যাকাণ্ডের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাংবাদিকরা হত্যার উদ্দেশ্য, তদন্তের বিভিন্ন অসঙ্গতি এবং অন্যান্য বিষয়ে প্রশ্ন করলে পুলিশ কমিশনার কয়েকটি প্রশ্নের উত্তর দেন। পরে অন্য প্রশ্নের বিস্তারিত উত্তর না দিয়েই তিনি সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।

এই শাখার আরও খবর

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় ৩৪ অস্ট্রেলীয় নিখোঁজ

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের…

বাড়িতে পানি দিয়ে আলামত নষ্টের অভিযোগ, অস্বীকার পুলিশের

মেলবোর্ন, ২৭ আগষ্ট- রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় তাদের বাড়িতে পানি দিয়ে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করার অভিযোগ…

রংপুরে হিন্দু পরিবার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?

মেলবোর্ন, ২৭ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে…

নেপালের ভয়াবহ বন্যায় নিহত ১৭৫, নিখোঁজ প্রায় ৩০০ ভারতীয়

মেলবোর্ন, ২৭ আগষ্ট- নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায়…

সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে নিতে সিআইডির তিন যুক্তি

মেলবোর্ন, ২৭ আগষ্ট- চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ…

নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫,প্রায় নিখোঁজ ১৫০০

মেলবোর্ন, ২৭ আগষ্ট- হিমালয় অঞ্চলে হিমবাহের বরফ ও বিশাল শিলাখণ্ড ধসে নদীর গতিপথ বন্ধ হয়ে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও চীনের তিব্বত সীমান্তে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au