মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র
পশ্চিমবঙ্গে মহালয়া উপলক্ষে বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে গিয়ে বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু বলেন, ‘মহালয়ায় বড় অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত হবেন। কে আসছেন, কবে আসছেন, তাঁদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।’
নবান্ন সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতায় বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। সেখানে মুখ্যমন্ত্রীসহ রাজ্য মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গেছে, অনুষ্ঠান আয়োজনের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপূজার ইতিহাস ও লোকসংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে ধুনুচি নাচ, ছৌ নাচ ও ঢাকের বাদ্যি রাখার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মহালয়ার দিন বড় পরিসরে শারদীয় উৎসবের আবহ তৈরি করতে চাইছে রাজ্য সরকার।
এদিকে, মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘোষণাকে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর এটিই হতে যাচ্ছে প্রথম দুর্গোৎসব। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাঙালি সংস্কৃতি ও দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার দুর্গাপূজা নিয়ে একাধিকবার কথা বলেছেন। দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপূজাতেও তিনি অংশ নিয়েছেন।
বালুরঘাটে তিন বড় ঘোষণা
দক্ষিণ দিনাজপুর সফরে বালুরঘাটের জন্য তিনটি বড় প্রকল্পের কথাও জানান শুভেন্দু। এর মধ্যে রয়েছে বালুরঘাট বিমানবন্দরে নিয়মিত বিমান চলাচল, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ এবং মেডিক্যাল কলেজ নির্মাণ।
মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের আওতায় বালুরঘাট বিমানবন্দরে শিগগিরই বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ১৯ আসনের বিমান ওঠানামা শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে ভবিষ্যতে আরও বড় বিমান চালানোর পরিকল্পনাও রয়েছে। বালুরঘাট বিমানবন্দরে ৭২ আসনের বিমান ওঠানামার উপযোগী অবকাঠামো তৈরির জন্য ১৫০ একর জমি কেনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান শুভেন্দু।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়েরও মানোন্নয়নের আশ্বাস দেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে তিনটি বিষয়ে পড়ানো হয়। আরও সাতটি বিষয়ে পড়ানোর জন্য আবেদন জমা রয়েছে। জন্মাষ্টমীর আগেই সেগুলোর অনুমোদনের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এ ছাড়া দক্ষিণ দিনাজপুর মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ দ্রুত শুরু করার কথাও জানান তিনি। কালীপূজার আগেই মেডিক্যাল কলেজের ভূমিপূজা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। প্রাথমিকভাবে প্রকল্পটির জন্য রাজ্য বাজেট থেকে ১০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।
সূত্র: আনন্দবাজার