গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস ও সেবা না পাওয়ার ক্ষেত্রে জনগণের কাছ থেকে বিল ও কর নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
শনিবার(৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’, অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রুমিন ফারহানা।
সংসদে দেশের সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তার ভাষায়, ‘টুকু আসে টুকু যায়’, অর্থাৎ কখন গ্যাস বা বিদ্যুৎ আসে এবং কতক্ষণ থাকে, তা মানুষ বুঝতে পারে না।
রুমিন ফারহানা তার বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ নাগরিক সেবার মান নিয়ে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্যে নাগরিকরা নিয়মিত সেবা না পেলেও বিভিন্ন ধরনের বিল ও কর পরিশোধ করতে বাধ্য হওয়ার বিষয়টি উঠে এসেছে।