সিডনির পর মেলবোর্ন মাতালেন নগরবাউলের জেমস।ছবি: ওটিএন বাংলা
মেলবোর্ন: সিডনির পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন মাতালেন বাংলা রকসংগীতের কিংবদন্তি তারকা জেমস। নগরবাউল ব্যান্ডের সদস্যদের সঙ্গে নিয়ে ভিক্টোরিয়ার ঐতিহাসিক উইলিয়ামসটাউন টাউন হলের মঞ্চে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি।
‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’-এ জেমসের প্রাণবন্ত পরিবেশনায় উচ্ছ্বাসে মেতে ওঠেন মেলবোর্নের সংগীতপ্রেমীরা। তাঁর পরিচিত ভরাট কণ্ঠ, অনন্য গায়কী ও মঞ্চ-উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গাওয়ার পাশাপাশি মুহুর্মুহু করতালি ও উল্লাসে পুরো মিলনায়তন মুখর করে তোলেন দর্শকেরা।
জেমস জানান, এর আগেও তিনি অস্ট্রেলিয়া সফর করেছেন এবং এখানকার প্রবাসী দর্শক-শ্রোতাদের বাংলা গানের প্রতি গভীর ভালোবাসা কাছ থেকে দেখেছেন। ‘সাউথ লাইভ ফেস্ট ২০২৬’-এর মাধ্যমে গানপ্রিয় সেই অনুরাগীদের সংগীতের তৃষ্ণা মেটানোর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
দুই মাসের ইউরোপ সফর শেষ করেই জেমস ও নগরবাউলের সদস্যরা অস্ট্রেলিয়ায় আসেন। গত ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্টে বাংলাদেশের জেমস ও ভারতের জনপ্রিয় রকতারকা রূপম ইসলাম একই আয়োজনে সংগীত পরিবেশন করেন। কনসার্টটি স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সিডনির সেই আয়োজনের রেশ কাটতে না কাটতেই ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে মেলবোর্নে মঞ্চ মাতান জেমস। নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, অস্ট্রেলিয়ায় বসবাসরত অসংখ্য ভক্তের ভালোবাসা ও আগ্রহই তাঁদের মেলবোর্ন সফরের অন্যতম অনুপ্রেরণা।
তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে জেমস আরও কয়েকটি কনসার্টে অংশ নেবেন। পাশাপাশি নতুন গান তৈরির কাজও শুরু করবেন। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশের পরিকল্পনা রয়েছে দেশসেরা এই রকতারকার।
কনসার্ট শেষে দর্শকদের অনেকেই বলেন, সময় যেন জেমসের কণ্ঠের আবেদন এতটুকুও ম্লান করতে পারেনি। বয়সকে ছাপিয়ে তাঁর শক্তিশালী ও ভরাট কণ্ঠ এখনো একইভাবে দর্শকদের আন্দোলিত করে এবং সংগীতের বাঁধনহারা আনন্দে মুক্ত করে।