বাংলাদেশ

চুয়েটে দ্বিতীয় দিনের শাটডাউন, সায়েমকে ফেরানোর দাবিতে গণস্বাক্ষর

  • 7:22 pm - September 23, 2026
  • পঠিত হয়েছে:৬০ বার
চুয়েটে চলছে দ্বিতীয় দিনের শাটডাউন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি। আন্দোলনের কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ করে সেখানে অবস্থান নেন। একই সঙ্গে উপাচার্য অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন তারা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে তাদের দাবির পক্ষে স্বাক্ষর করছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংগৃহীত স্বাক্ষর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের খবর জানাজানি হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই দায়িত্ব নেওয়া অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উপাচার্য পরিবর্তনের কারণ উল্লেখ করা হয়নি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে তারা ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জন করেন। একই দাবিতে চুয়েট শিক্ষক সমিতিও উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও একাডেমিক বিষয় নিয়ে কাজ করেছেন। মাত্র ৫৬ দিনের মাথায় কোনো কারণ না জানিয়ে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি একটাই, অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে আবার চুয়েটের উপাচার্য পদে ফিরিয়ে দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন ও অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ক্লাসে না আসায় কোনো একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে রয়েছে।

এই শাখার আরও খবর

হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যে ওমানের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতমুখী এমভি কেপ দাও নামের জাহাজটিতে…

ভাইরাল রিলের আলোচিত বিউটি রানী এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের রিল ভিডিও প্রকাশের পর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আলোচনায় আসা সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ…

ভারতীয় নাগরিক রবিউল রিমান্ডে, বললেন ‘অযথা হেনস্তা হচ্ছি’

ঢাকার উত্তরা থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক নাশকতামূলক…

ভারতে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ ও গ্রেপ্তার দাবি বিরোধীদের

ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরে দুই নির্বাচন কমিশনারের একাধিকবার আপত্তি জানানোর তথ্য প্রকাশ্যে আসার পর দেশটির নির্বাচনী ব্যবস্থাকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।…

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক বিজ্ঞানের অধিকার থেকে সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া…

স্বাস্থ্য গবেষণার নমুনা ও তথ্যে নিয়ন্ত্রণ জোরদার করছে বাংলাদেশ

স্বাস্থ্য গবেষণায় ব্যবহৃত জৈবিক নমুনা, গবেষণা থেকে উৎপন্ন তথ্য এবং সেই গবেষণার মাধ্যমে সৃষ্ট মেধাস্বত্বের ওপর বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au