কোহলির রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
বিরাট কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শুভমান গিলের দুর্দান্ত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। ২৯৬ রানের লক্ষ্য…
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার দুপুরে ক্যাম্পাসের অডিটোরিয়াম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও শারীরিক সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
ক্যাম্পাসের অডিটোরিয়ামটি এবিজিপির একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। সংগঠনটির প্রতিষ্ঠাতার সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) যোগাযোগ রয়েছে বলে এবিজিপির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
ফিল্ম ইনস্টিটিউটের সাউন্ড বিভাগের শিক্ষার্থী সোহম পাল বিবিসিকে বলেন, অডিটোরিয়ামটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়নি। তার দাবি, সাধারণত ক্যাম্পাসের কোনো অংশ অনুষ্ঠান বা শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হলে শিক্ষার্থীদের বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, এবিজিপির আয়োজকদের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই শিক্ষার্থীরা তাদের ওপর হামলা করেন। সংগঠনটির রাজ্য সভাপতি পঙ্কজ রায় বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১৫ হাজার টাকা ভাড়ায় তারা সেখানে সভা করছিলেন। শিক্ষার্থীরা তাদের অনুষ্ঠান বানচালের চেষ্টা করেন এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছিঁড়ে ফেলেন বলেও তিনি অভিযোগ করেন।
তবে শিক্ষার্থীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। শিক্ষার্থী মেঘরাজ রাও আনন্দবাজারকে বলেন, অডিটোরিয়ামে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়। সেখানে বাইরে থেকে লোকজন এনে সভা করার প্রতিবাদ জানালে এবিজিপির সদস্যরা তাদের ওপর হামলা করেন।
তার অভিযোগ, শিক্ষার্থীদের ‘বাংলাদেশি’, ‘দেশদ্রোহী’ ও ‘পাকিস্তানি’ বলে আক্রমণ করা হয় এবং পরে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়।
একজন অধ্যাপকও শিক্ষার্থীদের মারধর করা হচ্ছিল দাবি করে বলেন, পরিস্থিতি দেখে তিনি এগিয়ে গেলে তাকেও হামলার শিকার হতে হয়।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে। ক্যাম্পাসে সংগঠনটির অনুষ্ঠান আয়োজন এবং তা নিয়ে শিক্ষার্থীদের আপত্তি থেকেই সংঘর্ষের সূত্রপাত বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।
সূত্র : বিবিসি, আনন্দবাজার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au