বাংলাদেশ

একের পর এক হামলা ও দখলচেষ্টায় গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন

  • 12:43 pm - October 03, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
একের পর এক হামলা ও দখলচেষ্টায় গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন।ছবিঃ সংগৃহীত

রাজধানীতে গত কয়েক দিনে একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, দখলচেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সামনে এসেছে। কোথাও রাতের অন্ধকারে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা হয়েছে। আবার কোথাও জমি বা সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করেও সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় পরে মামলা, গ্রেপ্তার ও অভিযান পরিচালনা করা হলেও প্রশ্ন উঠেছে, বড় ধরনের জমায়েত, অস্ত্র বা সরঞ্জাম সংগ্রহ কিংবা সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি আগেই আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারির আওতায় আসছে কি না। একই সঙ্গে কোনো ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর পুলিশের সাড়া কতটা দ্রুত এবং বিরোধপূর্ণ বা দখলমুক্ত করা এলাকায় পরবর্তী নিরাপত্তা কতটা নিশ্চিত করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

গত ১০ দিনের মধ্যে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, আদাবরের শ্যামলী হাউজিং, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এবং মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন একটি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও ভাঙচুরের শিকার হয়েছে। রাজধানীর বাইরে আশুলিয়ার একটি মাদ্রাসায় হামলার অভিযোগ এবং মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুর

গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, ফ্রিজ, এসি, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনার একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে।

ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার মামলা করেন। পরে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, হামলার ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দীর্ঘদিন ধরে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষকে মাতৃ ও শিশুসেবা, টিকাদান, প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

এই ঘটনার সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে ফেরদৌসী আহমেদ প্রথম আলোকে দেওয়া বক্তব্যে ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেছেন, ঘটনা পুলিশ তদন্ত করে দেখুক।

শ্যামলী হাউজিং ও চাঁদ উদ্যানে হামলা

রাড্ডার ঘটনার দুই দিন পর, ২৬ সেপ্টেম্বর সকালে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বহুতল বাড়িতে হামলার অভিযোগ ওঠে। পুলিশ ও বাড়ির মালিকপক্ষের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে যায়। বাড়ির ফটক খুলতে অস্বীকৃতি জানালে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

মালিকপক্ষের দাবি, বাড়িটি আগে দখলে ছিল। গত মার্চে পুলিশের সহায়তায় তারা দখল ফিরে পাওয়ার কয়েক মাসের মধ্যেই আবার হামলার ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা বাড়ি ছেড়ে চলে যেতে বলে এবং চাঁদা দাবি করে। বাড়ির মালিকের ভাতিজা মনির হোসেনের দাবি, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

একই দিন মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় একটি প্লটের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পরে জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলার ঘটনাও ঘটে। সেখানে জমির মালিকানা নিয়ে বিরোধের কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদ উদ্যানের ঘটনায় আটজন এবং শ্যামলী হাউজিংয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর

২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম জানিয়েছিলেন, জমির দখল-বেদখল নিয়ে বিরোধের কারণে হামলার ঘটনা ঘটেছে।

তবে ওই হামলার সঙ্গে চাঁদা দাবির কোনো সম্পর্ক ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয় বলে জানানো হয়।

আশুলিয়ার মাদ্রাসায় হামলার অভিযোগ

রাজধানীর বাইরেও প্রতিষ্ঠান ও সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের অভিযোগ উঠেছে। ২৭ সেপ্টেম্বর বিকেলে আশুলিয়ার শ্রীপুরে তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় হামলা ও লুটপাটের অভিযোগ করেন প্রতিষ্ঠানটির উপপরিচালক সৈয়দ সানজিদ।

তার অভিযোগ, ট্রাস্টের জায়গায় থাকা একটি মার্কেটের দখল নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইমাম হাসান ও বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে হামলা হয়েছে। তবে জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে পাল্টা দখলের অভিযোগ করেছেন।

উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

৩০ সেপ্টেম্বর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বক্স ও গণমাধ্যমের গাড়িতে ভাঙচুর এবং সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়ার তথ্য পাওয়া যায়।

হকারদের পক্ষ থেকে দাবি করা হয়, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন লাগার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১ অক্টোবর পর্যন্ত চারটি মামলা হওয়ার খবর পাওয়া গেছে।

অভিযানের প্রস্তুতি ও সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে তার মনে হয়েছে। বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

আগাম ঝুঁকি শনাক্তের দাবি

মানবাধিকার কর্মী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, রাজধানীতে কয়েক দিনের ব্যবধানে একাধিক সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এত বড় জমায়েত, প্রস্তুতি ও সংঘবদ্ধতার বিষয়গুলো আগাম আইনশৃঙ্খলা ও গোয়েন্দা নজরদারির আওতায় আসেনি কেন, সে বিষয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রয়োজন।

তার মতে, দখল, উচ্ছেদ ও হামলার আতঙ্ক নাগরিকদের স্বাভাবিক জীবন ও নিরাপত্তাবোধকে ক্ষতিগ্রস্ত করে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে উচ্ছেদ, দখল বা ভয়ভীতি দেখানোর সুযোগ থাকা উচিত নয়। এসব ঘটনায় কারা জড়িত, কীভাবে তারা সংগঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পর্যায়ে দায়িত্বে ঘাটতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণের কথাও বলেন তিনি।

পুলিশের বক্তব্য

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে দলেরই হোক, এমনকি কোনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকেও কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে হামলার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনেক ঘটনা আগেই শনাক্ত করে হস্তক্ষেপের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়, যেগুলো সাধারণ মানুষের সামনে আসে না। তবে এর মধ্যেও বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতে পারে।

তার ভাষ্য, প্রতিটি সংস্থার জনবল সীমিত। সব সময় সব জায়গায় একই মাত্রায় নজরদারি করা সম্ভব নয়। কখনো ভোর বা সকালের মতো সময়ে অপরাধীরা এমন পরিস্থিতি বেছে নেয়, যখন নজরদারির সুযোগ তুলনামূলক কম থাকে।

ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের তৎপরতা ও ইন্ধনের বিষয় পুলিশ নজরে রাখছে। তবে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বিপুল মানুষের মধ্যে প্রতিটি ছোট তৎপরতা আগে থেকেই শনাক্ত করা সব সময় সম্ভব নয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি বলেন, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগের সঙ্গে একমত নন। তিনি বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের তালিকা করা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।

তার বক্তব্য অনুযায়ী, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্তাধীন বলে তিনি জানিয়েছেন। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অভিযানের আগে প্রস্তুতির পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘাত, দখলের অভিযোগ এবং স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের মতো ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও উঠছে। সংঘাত ও সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হতে পারে।

তার মতে, ফুটপাত উচ্ছেদ বা কোনো স্থানে অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। এরপর সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি ফুটপাতকেন্দ্রিক জীবিকার সঙ্গে যুক্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিকল্প ব্যবসার স্থান, দোকানের সংখ্যা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কার্যকর আলোচনা করাও জরুরি।

ড. তৌহিদুল হকের মতে, এসব ঘটনার পেছনে রাজনৈতিক কোনো বিষয় থাকলে তার উদ্দেশ্য কী এবং কারা জড়িত, তা শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই শাখার আরও খবর

ইসরায়েলগামী বিমানে ওমানি সহকারী পাইলটের হামলার চেষ্টা

ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে মাঝ আকাশে বিমানের ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ওমানি সহকারী পাইলট হামাম আল হামামির বিরুদ্ধে।…

লাতিন আমেরিকায় প্রভাবের বিচারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন

লাতিন আমেরিকায় বৈশ্বিক প্রভাবের বিচারে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। চিলিভিত্তিক গবেষণা সংস্থা ল্যাটিনোবারোমেট্রোর ২০২৬ সালের এক সমীক্ষায় দেখা গেছে, লাতিন আমেরিকার অধিকাংশ মানুষ…

ইসরায়েলে উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা করেছিলেন ওমানি সহকারী পাইলট

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ইসরায়েলে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন ওমানের নাগরিক সহকারী পাইলট হামাম আলহামামি। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে…

এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে

বরিশাল নগরীতে তীব্র সংকট দেখা দিয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের। খুচরা দোকানগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে অতিরিক্ত টাকা দিলে ডিলারের মাধ্যমে সিলিন্ডার…

ঢাকার মাদক ব্যবসায় জড়িতদের ২৭.৪ শতাংশের বয়স ১৫ বছর বা তারও কম

ঢাকার মাদক ব্যবসায় জড়িতদের একটি বড় অংশ শিশু। একটি গবেষণায় অংশ নেওয়া মাদক বিক্রেতাদের ২৭ দশমিক ৪ শতাংশের বয়স ১৫ বছর বা তার কম বলে…

আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডাবলিনে নতুন এই দূতাবাসের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au