ইসরায়েলগামী বিমানে ওমানি সহকারী পাইলটের হামলার চেষ্টা
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে মাঝ আকাশে বিমানের ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে ওমানি সহকারী পাইলট হামাম আল হামামির বিরুদ্ধে।…
আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। জোটের নেতারা এক জরুরি বৈঠকের পর এ বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর অংশ হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি রপ্তানি নিয়ে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করেছেন। একই নীতি অনুসরণ করার জন্য অন্যান্য জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
জোটের নেতারা আরও জানান, জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখবেন এবং প্রয়োজন হলে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে জি-৭-এর সদস্য দেশ যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ অন্যান্য দেশের নেতারা অংশ নেন।
জ্বালানি বাজারে এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক রপ্তানি নীতির উদ্বেগও রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ ইউরোপীয় ইউনিয়ন জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।
জি-৭-এর জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ জ্বালানি বাজারে ছাড়ার এই সিদ্ধান্তের লক্ষ্য হলো সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজারে সম্ভাব্য অস্থিরতা কমানো। আগামী চার মাসে ধাপে ধাপে এই জ্বালানি বাজারে সরবরাহ করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au