বিনোদন

টিউমার, সার্জারি, কেমো—তবু থামেননি তানিয়া বৃষ্টি

  • 11:39 pm - October 04, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
তানিয়া বৃষ্টি। ছবি : সংগৃহীত

মস্তিষ্কে টিউমার, একাধিক অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা—সব মিলিয়ে গত নয় মাস কঠিন সময় পার করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ এই বিরতির পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এখনো পুরোপুরি সুস্থ হননি, চলছে কেমোথেরাপি। তবে আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। আর শারীরিক অবস্থা অনুমতি দিলে চলতি মাসেই আবার অভিনয়ে ফিরতে চান এই অভিনেত্রী।

লাইভের শুরুতেই তানিয়া বলেন, ‘আমি ভালো আছি। বলেন, আপনারা কেমন আছেন?’ এরপর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো।’ ওজন বেড়ে যাওয়া নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি জানান, দুটি সার্জারির কারণে এমনটা হয়েছে এবং এটি স্বাভাবিক।

চলমান চিকিৎসা প্রসঙ্গে তানিয়া বলেন, এখনো তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস শেষ হয়েছে। এর মধ্যেই অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

অসুস্থতার সময়টা যে কতটা কঠিন ছিল, সেটিও লাইভে জানিয়েছেন তানিয়া। তিনি বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল।’ তবে এখন আগের তুলনায় অনেক ভালো আছেন বলে জানান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকায় কাজকে খুব মিস করছেন বলেও জানান তিনি।

তানিয়ার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে চলতি বছরের ফেব্রুয়ারিতে। ১৫ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তিনি। চেন্নাইয়েও তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসার দীর্ঘ প্রক্রিয়ার কারণে এতদিন অভিনয় থেকে দূরে ছিলেন।

এর আগে চিকিৎসার একটি ধাপ হিসেবে রেডিওথেরাপি শেষ করে কেমোথেরাপি শুরু করার কথা জানিয়েছিলেন তানিয়া। তখনও তিনি বলেছিলেন, পুরো চিকিৎসা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়ম মেনে চিকিৎসা চালিয়ে যাবেন।

এদিকে অসুস্থতার এই দীর্ঘ সময়ে ভক্তদের ভালোবাসার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তানিয়া। তার ভাষায়, টানা নয় মাস মানুষ তার সুস্থতার জন্য দোয়া করেছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায়ই বেশির ভাগ সময় কাটছে তার। ছয়টি পোষা বিড়াল তার সঙ্গী। বাইরে কোথাও গেলেও তাদের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। পরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে পরিচিতি পান। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

এই শাখার আরও খবর

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

পাকিস্তানি নারী এজেন্টের হানিট্র্যাপে ভারতীয় নৌসেনা সদস্য

পাকিস্তানি এক নারী গোয়েন্দা এজেন্টের ‘হানিট্র্যাপে’ পড়ে ভারতীয় নৌবাহিনীর এক সদস্য স্পর্শকাতর সামরিক তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বাসিন্দা ৩১ বছর…

সীমান্তে দুই পাকিস্তানি নিহত, পাল্টাপাল্টি কূটনীতিক তলব ভারত-পাকিস্তানের

সীমান্তে এক ঘটনায় দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার পর পাল্টাপাল্টি কূটনীতিক তলব করেছে ভারত ও পাকিস্তান। শুক্রবারের ওই ঘটনায় পাকিস্তানের দুই নিরস্ত্র নাগরিক নিহত হওয়ার…

দিল্লিতে জয়শংকরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে রবিবার (৪ঠা অক্টোবর) দুপুরে এক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। পরে এক্স হ্যান্ডলে একটি পোস্টে…

আলোচনা ভেস্তে যাওয়ার পর ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের সুচিকিৎসা ও মুক্তি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল তার দল পিটিআই। তবে দুই দফায় হওয়া এ আলোচনা ব্যর্থ হওয়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au