বাংলাদেশ

শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার

  • 3:40 am - October 05, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
দীনেশ ত্রিবেদী গত জুনে ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ভারতে যাওয়া, সে সময় ভারতের ভূমিকা এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে তার বক্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ঢাকায় একটি বেসরকারি সংস্থার আয়োজিত সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনাকে কবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এমন প্রশ্নের জবাব দেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারের অবস্থান আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে জানানো হয়েছে। প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এর সঙ্গে আদালতের বিষয়ও জড়িত। ফলে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।

হাইকমিশনারের বক্তব্যে শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছেছিলেন, সেই বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের সে সময়কার পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ভারতে এসেছিলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান ভারতে আসার আগে ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, তখন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী দেশ হিসেবে উদ্ভূত পরিস্থিতি গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ওই সময় নিরপরাধ মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটা উচিত ছিল না। ভবিষ্যতে বিশ্বের কোথাও যেন এমন পরিস্থিতিতে নিরপরাধ মানুষের প্রাণহানি না ঘটে, সে প্রত্যাশার কথাও জানান তিনি।

জয়শঙ্করের বক্তব্যের সঙ্গে মিল

হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যকে ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দেওয়া বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরদিন ভারতের রাজ্যসভায় দেওয়া বক্তব্যে জয়শঙ্কর জানিয়েছিলেন, ৫ আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় জড়ো হওয়ার পর নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর স্বল্প সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সময়ে বাংলাদেশের পক্ষ থেকেও ফ্লাইট অবতরণের অনুমতি চাওয়া হয় এবং শেখ হাসিনা ওই দিন সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান।

ফলে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দীনেশ ত্রিবেদীর বক্তব্য ভারতের আগের অবস্থান থেকেই খুব বেশি আলাদা নয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ভারতের বার্তা কী

দীনেশ ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যায় বিশ্লেষকদের মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে। কারও মতে, হাইকমিশনার বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনা-সংক্রান্ত বিষয়টি মূলত বাংলাদেশের এবং এ নিয়ে ভারতের ওপর একতরফাভাবে দায় চাপানোর সুযোগ নেই।

আবার কেউ মনে করছেন, শেখ হাসিনা ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে ভারতে যাননি, বরং বাংলাদেশের সামরিক বিমানে করে এসেছিলেন, এ বিষয়টি উল্লেখ করে ভারত তার নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও বাংলাদেশবিষয়ক গবেষক শ্রীরাধা দত্ত মনে করেন, হাইকমিশনার নতুন কোনো অবস্থান তুলে ধরেননি। তার মতে, এটি ভারত সরকারের আগের আনুষ্ঠানিক অবস্থানেরই পুনরাবৃত্তি। আন্তর্জাতিক পরিসরের প্রতিনিধিদের সামনে বক্তব্য দেওয়ার কারণে তিনি বিষয়টি আরও স্পষ্ট করে তুলে ধরেছেন বলে মনে করেন তিনি।

তবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের ব্যাখ্যা কিছুটা ভিন্ন। তার মতে, হাইকমিশনার মূলত বোঝাতে চেয়েছেন যে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট থেকে তৈরি হয়েছে এবং এ জন্য একতরফাভাবে ভারতের ওপর দায় চাপানো ঠিক নয়। তবে ভারত যেহেতু বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছে, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মনে করেন তিনি।

গত মাসেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকা-দিল্লি সম্পর্কের প্রেক্ষাপট

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে উভয় পক্ষের তৎপরতা দেখা যায়। এর মধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় থেকে যায়।

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম গত ১৬ আগস্ট জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে এবং বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গত ১০ই অগাস্ট তার প্রথম সাক্ষাৎ করেছিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমীনের মতে, দীনেশ ত্রিবেদীর বক্তব্যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহের ইঙ্গিত রয়েছে।

তার ব্যাখ্যা হলো, শেখ হাসিনার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ক আটকে না রেখে আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাই হয়তো ভারতীয় হাইকমিশনার বোঝাতে চেয়েছেন। এ ক্ষেত্রে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হলে অন্যান্য বিষয়েও অগ্রগতি সহজ হতে পারে বলে মনে করেন তিনি।

ফলে দীনেশ ত্রিবেদীর বক্তব্যকে একদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের আগের অবস্থানের পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে ঢাকা-দিল্লি সম্পর্ককে বৃহত্তর পরিসরে স্বাভাবিক করার সম্ভাব্য বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ।

এই শাখার আরও খবর

বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও রাজস্ব সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। রোববার অর্থ…

ভোটার তালিকা ইস্যুতে উত্তাল ভারত, নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগ দাবি

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। রোববার রাজধানী নয়াদিল্লি ও মুম্বাইয়ে হাজারো…

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বারবার হামলা, রহস্য কোথায়?

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ…

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

ডিজিটাল মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বদীপ দাশ। রোববার সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে এ…

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১০টি নতুন এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়ে আগামী ৭ অক্টোবর চুক্তি সই হতে যাচ্ছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ…

৯২ রানে থামা রোহিতকে নিয়ে হতাশ গাভাস্কার, জানালেন বিশেষ প্রত্যাশা

সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯২ রানে থেমে যেতে হয়েছে রোহিত শর্মাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার এমন আউটে হতাশ হয়েছেন ভারতের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au