আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…
কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ও ককটেল নিক্ষেপে দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশ পাহারায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং আব্দুল মজিদ মণ্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আহত দুইজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর স্থলবন্দর দিয়ে গরু পারাপার করছিলেন ইসমাইল ও খাজা আব্দুল আলীম। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক মনে করে ককটেল ও শটগানের গুলি ছোড়েন বলে তারা দাবি করেছেন।
এতে দুজনই গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের অজ্ঞাত একটি চর এলাকায় ফেলে রেখে যায় বলে পুলিশকে জানিয়েছেন আহতরা।
সনাতন চক্রবর্তী জানান, সীমান্তবর্তী কুড়িগ্রামের উলিপুর উপজেলার যাত্রাপুর-আইলমারী এলাকার স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করেন। সোমবার দুপুরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আহত দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au