‘জানি মুহূর্তগুলো মিস করব’
সময় ফুরিয়ে আসছে লিওনেল মেসির। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন হয়ে উঠেছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা। বিদায়ী ম্যাচের আগে…
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী দারিয়া শিপিলোভার শরীরে তার কর্মস্থলে থাকা কোনো রোগজীবাণুর অস্তিত্ব পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর পর গবেষণাগারের ৬০ জনের বেশি কর্মীকে আলাদা রাখা হয়েছে এবং ইরকুতস্কের কয়েকটি হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করা হয়েছে।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী দারিয়া শিপিলোভা গত ২ অক্টোবর গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর গুজব ছড়িয়ে পড়ে যে, প্লেগবিরোধী গবেষণাগারে পরীক্ষার একটি নল ভেঙে যাওয়ার কারণে তিনি ফুসফুসের প্লেগে আক্রান্ত হয়েছিলেন।
তবে রাশিয়ার জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপোট্রেবনাদজোর জানিয়েছে, সোমবার শিপিলোভার নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তার কাজের সঙ্গে সম্পর্কিত কোনো জীবাণু পাওয়া যায়নি। গবেষণাগারে রোগ ছড়াতে পারে এমন কোনো জীবাণু নিয়ে দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি।
রসপোট্রেবনাদজোর আরও জানিয়েছে, শিপিলোভার সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে দুজনের করোনা এবং দুজনের রাইনোভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্লেগসহ অন্য কোনো সংক্রামক জীবাণুর উপস্থিতি পাওয়া যায়নি।
ইরকুতস্কের গভর্নর ইগর কোবজেভ জানিয়েছেন, বিশেষজ্ঞদের একটি দল শিপিলোভার মৃত্যুর কারণ খতিয়ে দেখেছে। তাদের প্রাথমিক মত অনুযায়ী, তিনি ‘অজানা কারণে হওয়া নিউমোনিয়ায়’ মারা গেছেন। ইউরোনিউজকে কোবজেভ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশেষজ্ঞরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
প্লেগের খবর সরকারি কর্তৃপক্ষ নাকচ করলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে প্লেগবিরোধী গবেষণাগারের ৬০ জনের বেশি কর্মীকে প্রতিষ্ঠানের ভেতরে আলাদা রাখা হয়েছে। একই সঙ্গে ইরকুতস্কের কয়েকটি হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করা হয়েছে। এসব হাসপাতালের মধ্যে তিনটি সরকারি হাসপাতাল, ইভানো-মাত্রেনিনস্কি শিশু হাসপাতাল ও নগর প্রসূতি হাসপাতাল রয়েছে। শিপিলোভা যে শহরে বসবাস করতেন, সেই শেলেখভের কেন্দ্রীয় জেলা হাসপাতালও বন্ধ রাখা হয়েছে।
এ ছাড়া শেলেখভের ইরকুতস্ক অ্যালুমিনিয়াম কারখানায় কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার গুজব ও বিভিন্ন জল্পনার ওপর নির্ভর না করে রসপোট্রেবনাদজোরের দেওয়া সরকারি তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইরকুতস্ক অঞ্চলের একটি গবেষণাগারের কর্মী ২ অক্টোবর গুরুতর নিউমোনিয়ায় মারা যাওয়ার বিষয়টি তারা জানে। তবে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, মৃত কর্মীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের কারও মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। ঘটনাটি নিয়ে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি। গবেষণাগারে কী ধরনের পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার ফল কীভাবে যাচাই করা হয়েছে এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের কীভাবে শনাক্ত করা হয়েছে, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য জনস্বাস্থ্য ঝুঁকি বর্তমানে কম বলে মনে হচ্ছে। তবে নতুন কোনো তথ্য পাওয়া গেলে এই মূল্যায়ন পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। এর বিভিন্ন ধরন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের প্লেগ সবচেয়ে বেশি সংক্রামক ধরনগুলোর একটি এবং এটি একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। দ্রুত অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা না করা হলে এ রোগ প্রাণঘাতী হতে পারে।
রাশিয়ায় ২০১৪ সাল থেকে বিচ্ছিন্নভাবে প্লেগের কিছু ঘটনা ঘটেছে। এসব সংক্রমণের বেশির ভাগই ইঁদুরজাতীয় প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। তবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এসব সংক্রমণ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au