জয়নগরে তৃণমূল-বিজেপি সংঘাতের অভিযোগ, আক্রান্ত বিধায়ক বিশ্বনাথ দাস
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিশ্বনাথ দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি…
অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলে ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিন হামলাকারীসহ ঘটনার সময় ওই এলাকায় থাকা আরও অন্তত এক ডজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছে পুলিশ।
নিহত যুবকের নাম জশুয়া স্মিথ।
পুলিশের ধারণা, শুক্রবার রাত ৯টার দিকে ওয়েস্টফিল্ড মাউন্ট ড্রুইটের কাছে একটি সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে ক্লিভ ক্লোজ এলাকায়। সেখানেই স্মিথের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা হুডি পরা স্মিথ একটি দলের কাছে এগিয়ে যাওয়ার পরপরই কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। ফুটেজে তিন ব্যক্তিকে স্মিথকে কিল-ঘুষি ও লাথি মারতে দেখা যায়। একপর্যায়ে তাঁদের একজন তাঁর বুকে ছুরিকাঘাত করেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন স্মিথ। তবে কিছু দূর যাওয়ার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। পরে প্যারামেডিকরা এসে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন। তবে হামলার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপার ব্রেন্ডন গোরম্যান বলেন, হামলায় কোনো ধরনের ছুরি ব্যবহার করা হয়েছে। ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন, এমন আরও প্রায় এক ডজন ব্যক্তির খোঁজ করছে গোয়েন্দারা।
এ ঘটনায় স্থানীয় অপরাধী চক্রের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। স্থানীয় বাসিন্দারা ৯নিউজকে জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা দলটিকে প্রায়ই ওই এলাকায় দেখা যায়।
পুলিশ সুপার গোরম্যান বলেন, ‘আমরা ওই সময় সেখানে উপস্থিত প্রত্যেককে সামনে এসে তদন্তে সহযোগিতা করার এবং ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সময় ধারণ করা মুঠোফোনের ভিডিও ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
তবে হামলাটি আকস্মিক ছিল, নাকি পূর্বপরিকল্পিত, তা এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারীরা। নিহত স্মিথের সঙ্গে হামলাকারীদের আগে থেকে পরিচয় ছিল কি না, সেটিও জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সামনে এসে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au