এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি।
রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মারুবেনির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথা তুলে ধরেন। বিশেষ করে পাটজাত পণ্যের ব্যবসায় দুই পক্ষের বিদ্যমান সম্পর্কের উল্লেখ করে তিনি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
আলোচনায় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। পাশাপাশি বাংলাদেশে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) দ্বিতীয় একটি কারখানা স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
আইটি ও সাইবার নিরাপত্তায় দক্ষ জনশক্তি গড়ার পরিকল্পনা
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক পরিষেবা কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ নিয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি প্রকৌশলীদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক পরিষেবা দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ডেটা সেন্টার স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে। এ প্রকল্পে মারুবেনির সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
কৃষিতে এআই ব্যবহারের সম্ভাবনা
কৃষি উৎপাদন বাড়ানো এবং ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা। এ ক্ষেত্রে মারুবেনির সম্ভাব্য বিনিয়োগ ও কারিগরি সহায়তার বিষয়টি গুরুত্ব পায়।
আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আলোচনা করে।
কাফকোর দ্বিতীয় কারখানা স্থাপনের আলোচনা
সার উৎপাদন খাতে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশে কাফকোর কার্যক্রমে মারুবেনির বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিতীয় একটি কাফকো কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, বাংলাদেশে দ্বিতীয় কাফকো কারখানা স্থাপনের প্রস্তাবে মারুবেনি আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মারুবেনি করপোরেশনের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়ায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au