ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে শিরিন বেগম (৩৫) নামে এক নারীকে হত্যার পর তার মরদেহ চার টুকরো করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মীর হাজিরবাগের ওই বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে ঘরের ভেতর শিরিন বেগমের চার টুকরো মরদেহ পাওয়া যায়। লাশ গুমের সময় ঘটনাস্থল থেকেই তার স্বামী দুলালকে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে বিরোধের জের ধরে রাতের কোনো একসময় দুলাল এ ঘটনা ঘটান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত শিরিন বেগম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের প্রয়াত সোহরাব আলীর মেয়ে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে চট্টগ্রামে এবং মেয়ে গাজীপুরে থাকেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।