মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী চুরি। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন চুরির ঘটনা ও চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় মন্দিরে থাকা রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসরসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।
চুরির বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় বলেন, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসর চুরি করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানোর পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, মন্দিরে মূর্তি ও পূজার সামগ্রী চুরির ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।
চুরি হওয়া মূর্তি ও পূজার সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।