কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন। সোমবার (১২ অক্টোবর) তাঁর এ পরিদর্শনে কানাডা সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সঙ্গে ছিলেন।
এ সময় গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজিস্টার্ড)-এর পক্ষ থেকে প্রতিমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়। কমিটির সভাপতি অমর চান্দের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়) এবং সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য।
পরিদর্শনকালে গুরুদুয়ারা নানক শাহী-এর গ্রন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ ‘শ্রীগুরু গ্রন্থ সাহিব’ পাঠ করেন। পরে ধর্মীয় রীতি অনুযায়ী হুকুমনামা ও আরদাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সংগতের মধ্যে কারা প্রসাদ বিতরণ করা হয়।
পরিদর্শনের একপর্যায়ে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই। এ সময় বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারাগুলোর বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারাগুলোর সমস্যার কথা প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধানে কানাডা সরকারের পক্ষ থেকে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে দেশের গুরুদুয়ারাগুলোর উন্নয়ন এবং অবৈধ দখল থেকে সেগুলো মুক্ত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিমন্ত্রীর এই সফর ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে শিখ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়গুলোর উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সহযোগিতার সুযোগ তৈরি হবে।
সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের সহসভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়)।