প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে: বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফের শঙ্কা
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সময়ে দেশের গড়…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করা হয়েছে। আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিককে ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি চেয়েছেন তাঁরা।
আবেদনে বিদেশি আইনজীবীদের ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতির আইনি ভিত্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার কথা উল্লেখ করা হয়েছে। ওই ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, আইন অনুযায়ী, যুক্তিসংগত কারণ ছাড়া এ ধরনের অনুমতি আটকে রাখা যাবে না। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের ক্ষেত্রে বার কাউন্সিলের পূর্বানুমতি নেওয়া একটি আবশ্যক শর্ত।
ফারজানা রুপা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
আবেদনে বলা হয়েছে, মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে যাওয়ায় বিদেশি দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ফারজানা রুপার পক্ষে আইনি কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া জরুরি। এ কারণে বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীর পাঠানো ই-মেইল, তাঁদের মূল আবেদনের অনুলিপি এবং জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে।
ব্যারিস্টার মাহবুব শফিকের আবেদনে ন্যায়বিচারের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
তবে বার কাউন্সিল এ বিষয়ে অনুমতি দিয়েছে কি না, তা আবেদনের তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au