সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এজেল নিউজ।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম উল্লেখ করা হয় নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তদন্তের পর নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে এবং বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠায়। আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের বিরুদ্ধে বিচারকের বিবেচনাধীন শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।