দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি বাতিল করতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপককে নোটিশ দিয়েছে পুলিশ। শুক্রবার তাঁর অবস্থান করা বাড়িতে গিয়ে এই নোটিশ দেওয়া হয়। তবে কর্মসূচি বাতিল করতে রাজি হননি দিপক। পুলিশের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘চাইলে আমাকে ফাঁসি দিন।’
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরে দিল্লির ঝান্ডেওয়ালায় দিপকের অবস্থান করা বাড়িতে যায় পুলিশের একটি দল। বাড়িটি মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের। সেখানে গিয়ে পুলিশ কর্মকর্তারা দিপককে নোটিশ দেন এবং বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি থেকে বিরত থাকতে বলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। আইন মেনে চলা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় তাঁকে। দিপক নোটিশটি দেখলেও কর্মসূচি বাতিলে সম্মত হননি।
সিজেপির প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের এক কর্মকর্তা দিপককে বিকেলে তেরঙ্গা যাত্রা না করার অনুরোধ জানাচ্ছেন। জবাবে দিপক বলেন, তাঁদের কর্মসূচিতে কোনো লাউডস্পিকার থাকবে না। এটিকে তাঁরা বিক্ষোভ সমাবেশও বলছেন না। তাঁরা শুধু জাতীয় পতাকা নিয়ে যাবেন, পতাকা উত্তোলন করে ফিরে আসবেন। তাঁর প্রশ্ন, জাতীয় পতাকা উত্তোলন করা কি বেআইনি?
ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও নীল জিনস পরা দিপকের কাঁধে জাতীয় পতাকা রয়েছে। তাঁর টি-শার্টে মহাত্মা গান্ধীর ছবিও দেখা যায়। পুলিশের দেওয়া নোটিশের ভাষা নিয়েও আপত্তি জানান তিনি।
দিপকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কী ধরনের প্ররোচনার কথা বলা হয়েছে, তা নিয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চান তিনি।
পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে দিপক বলেন, ‘এ কেমন ধরনের তামাশা? এটা কি নোটিশ? নোটিশ কি এমন হয়? সাদা কাগজে যা খুশি লিখে দিলেই কি নোটিশ হয়?’
তিনি আরও বলেন, ‘একটাও ভিডিও কি দেখাতে পারবেন, যেখানে লোকজনকে আমি হিংসাত্মক হতে প্ররোচিত করছি? চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’
দিপকের দাবি, তিনি কাউকে সহিংসতায় উসকানি দেননি। পুলিশের কাছে এ ধরনের কোনো ভিডিও থাকলে তা দেখানোরও চ্যালেঞ্জ জানান তিনি। পরে পুলিশ নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায়।
দিপকের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকেও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান। ভারত, ১৬ অক্টোবর ২০২৬। ছবি: এএনআই
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাড়ি থেকে কয়েক শ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে দলটির নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলনে দিপক অভিযোগ করেছিলেন, তাঁদের অবস্থান করা বাড়ির আশপাশে পুলিশি তৎপরতা বেড়েছে। নম্বরপ্লেটবিহীন গাড়ি ঘোরাফেরা করছে এবং সাদা পোশাকের পুলিশ তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার বিকেলের আগেই তাঁকে ও তাঁর মতো আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
শুক্রবার বাড়িতে গিয়ে পুলিশ নোটিশ দেওয়ায় তাঁর সেই আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে কি না, কিংবা নোটিশ উপেক্ষা করে তিনি সেন্ট্রাল পার্কে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au