হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবিঃ ঢাকা পোস্ট
মেলবোর্ন, ২১ জুলাই-
রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার ১২ মিনিটের মাথায় এটি উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিকট শব্দে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় সেখানে ক্লাস শেষ হলেও কোচিং কার্যক্রম চলছিল। ভেতরে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন এক কলেজ কর্মকর্তা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
এখন পর্যন্ত আহত ৩০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী কয়জন তা এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনসহ অন্তত আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার পরপরই আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে আসা এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় ভবনটিতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস শেষ হওয়ার পর কোচিং চলছিল। ওই সময় ভেতরে অনেক শিক্ষার্থী ছিলেন, যাদের কেউ কেউ আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। একজন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে পুরো পরিস্থিতি সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।