এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় মানবনন্ধনে; ছবিঃ ওটিএন বাংলা
মেলবোর্ন, ২৬ জুলাই- দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রানী নামে এক নারীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১১টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন সচেতন নাগরিক, এলাকাবাসী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ ধরনের নৃশংস হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা নীলা রানীর আশু সুস্থতা কামনা করেন এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানান।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নীলা রানী ওই উপজেলার মনিপুর গ্রামের মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, ওইদিন সন্ধ্যায় নীলা রানী ফসলি জমি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথরোধ করে তার ওপর অতর্কিতে হামলা চালায় স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তার ছেলে মুন্না ও দুই ভাই তারিকুল ইসলাম ও শরিফুল ইসলাম। দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত নীলা রানী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পেছনে দীর্ঘদিনের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধকে কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশ নেন সচেতন নাগরিক, এলাকাবাসী ও নানা শ্রেণি-পেশার মানুষ। ছবিঃ ওটিএন বাংলা
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা একজন অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়ে উঠেছে।