বিশ্ব

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

  • 4:00 pm - July 30, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ৩০ জুলাই- রাশিয়ার পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির ঢেউ আছড়ে পড়েছে দেশটির কুড়িল দ্বীপপুঞ্জ ও জাপানের উত্তরাঞ্চলে। ভূমিকম্প ও সুনামির কারণে রাশিয়ার উপকূলীয় শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দা। পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপান, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুরুতে কম্পনের মাত্রা ৮ হিসেবে জানানো হলেও পরবর্তীতে তা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়েছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ উঠে। উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্ক থেকে প্রায় আড়াই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় উঁচু এলাকায়।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, বাসিন্দারা বর্তমানে নিরাপদে রয়েছেন এবং সুনামির আশঙ্কা না কাটা পর্যন্ত তারা সেখানে থাকবেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা দ্রুত উঁচু স্থানের দিকে ছুটে যাচ্ছেন। সেভেরো-কুরিলস্কের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা ‘আলাইদ’ প্লাবিত হয়েছে, তবে এর সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, ভূমিকম্পের পর পুরো কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা প্লাবিত উপকূলীয় এলাকার ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

এদিকে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর হানাসাকি বন্দরে সুনামির ঢেউ আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডোতে প্রায় ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে এবং পরবর্তী সময়ে তা ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট পর্যন্ত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়। এছাড়া জাপানের অন্যান্য উপকূলীয় এলাকাগুলোতেও সতর্কতা জারি রয়েছে।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সতর্কতার অংশ হিসেবে দেশটির বিভিন্ন উপকূলীয় অঞ্চলে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ভূমিকম্পকে রাশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাশিয়া ও জাপানে জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au