মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গতকাল বুধবার আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে, যেকোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে।
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি। সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত, যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।’