বিশ্ব

টাইফুন বুয়ালোইয়ের তাণ্ডবে ভিয়েতনামে মৃত ১১, নিখোঁজ অন্তত ২০

  • 7:30 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- ভিয়েতনামে প্রবল শক্তি নিয়ে আঘাত হানা টাইফুন বুয়ালোই দেশটিকে বিপর্যস্ত করে তুলেছে। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জন নিখোঁজ রয়েছেন বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, টাইফুনের আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে এবং বহু স্থানে ছাদ ভেঙে পড়েছে।

স্থানীয় ও জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে উত্তরাঞ্চলীয় নিন বিন প্রদেশে টাইফুন-সম্পর্কিত ঘূর্ণিঝড়ে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া হুয়ে ও থান হোয়া প্রদেশে আরও ২ জনের প্রাণহানি ঘটে। কর্মকর্তারা জানান, এখনও অন্তত ২০ জনের খোঁজ মেলেনি।

ঝড় আঘাত হানার আগেই রবিবার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। দেশটির যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা ১০ম টাইফুন। রোববার রাত ১০টার পর ঝড়টি স্থলভাগে প্রবেশ করে। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)।

দুর্যোগ ও বাঁধ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিন বিন থেকে কোয়াং নাগাই পর্যন্ত উপকূলীয় অঞ্চলের ২৮ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কেবলমাত্র হা তিন প্রদেশেই ১৫ হাজারের বেশি বাসিন্দাকে স্কুল ও চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রায় ১ লাখ ১৭ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

টাইফুনের কারণে চারটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, ঝড়ের গতিপথে থাকা সমস্ত মাছ ধরার নৌকাগুলোকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়গুলো ক্রমেই আরও শক্তিশালী ও প্রাণঘাতী হয়ে উঠছে। ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল ২০২৫ সালের প্রথম সাত মাসেই প্রাকৃতিক দুর্যোগে ১০০ জনেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।

ভিয়েতনাম গত বছরও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি ঘটায় এবং শত শত মানুষের প্রাণহানি ঘটে। চলতি টাইফুন বুয়ালোইয়ের আঘাত সেই ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au