প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…
মেলবোর্ন, ২৫ অক্টোবর- খুলনার দাকোপ উপজেলায় পূর্বায়ন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, তিনি ফেসবুকের একটি পোস্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন। পূর্বায়ন মন্ডল দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দাকোপ থানার ওসি মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর শাখার সভাপতি আলহাজ শফিকুল ইসলাম বাদী হয়ে পূর্বায়নের বিরুদ্ধে মামলা করেছেন এবং তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তবে, এবিষয়ে শক্ত কোন প্রমাণ দেখাতে পারেনি অভিযোগকারীরা। গ্রেপ্তারকৃত পূর্বায়ন মন্ডলের পরিবার দাবি করেছে, পূর্বায়নকে ফাঁসাতেই তার নামে একটা ভুয়া অ্যাকাউন্ট খুলে এসব পোস্ট করা হয়েছে। এই বিষয়ে পূর্বায়নের নিরাপত্তা ও দ্রুত আইনি জটিলতা থেকে উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার।
ওটিএন বাংলার অনুসন্ধানে জানা যায়, দাকোপ এলাকাটি হিন্দু অধ্যুষিত এবং আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা তুলনামূলক বেশি। আওয়ামী লীগের সরকার পতনের পর ঐ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ইসলামপস্থী রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। খুলনায় এর আগের বছর(সেপ্টেম্বর ২০২৪) একইরকম একটি ঘটনায় থানা থেকে আসামি ছিনতাই করে তিন বাহিনীর সামনে গণপিটুনি দিয়েছিল মৌলবাদীরা। এবারেও সেটির পুনরাবৃত্তির আশঙ্কা করছে ভুক্তভোগীর পরিবার।

এই ঘটনার প্রতিবাদে গতকাল (শুক্রবার) জুম্মার নামাজের পর চালনা পৌরসভায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবিঃ সংগৃহীত
পূর্বায়নের বিরুদ্ধে কথিত অভিযোগ তুলে, এই ঘটনার প্রতিবাদে গতকাল (শুক্রবার) জুম্মার নামাজের পর চালনা পৌরসভায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে মুসল্লিরা ডাকবাংলো মোড়ে উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদের সামনে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলকারীরা পূর্বায়ন মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে ইমাম পরিষদের সভাপতি মাওলানা আতিকুর রহমানসহ স্থানীয় আলেম ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতেই পূর্বায়ন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে খুলনায় এক কিশোরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। তাকে আটক করে থানায় নেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের পরের দিন হাজারো মানুষ পুলিশ কার্যালয় ঘেরাও করে। সেনাবাহিনী ও নৌবাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উত্তেজিত জনতা ওই কিশোরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। প্রথমে তাকে মৃত ঘোষণা করা হলেও পরবর্তীতে জানানো হয়, সে বেঁচে আছে এবং সেনা হেফাজতে চিকিৎসাধীন।
এই ঘটনার পর মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়ে চলেছে, যা রাষ্ট্র ও সমাজের জন্য অশনি সংকেত। তারা বলেন, অভিযোগ সত্য হোক বা মিথ্যা, বিচার অবশ্যই আইনের মাধ্যমে হতে হবে। ভয়ভীতি বা জনতার রোষের কাছে আইনশৃঙ্খলা বাহিনী নতিস্বীকার করলে বিচারব্যবস্থার ওপর আস্থা আরও কমে যাবে।
মানবাধিকার কর্মীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে এমন অভিযোগ অনেক সময় বিভ্রান্তি বা ষড়যন্ত্রও হতে পারে। তাই তদন্ত ছাড়া কাউকে দোষী বলা বা শাস্তি দেওয়া গ্রহণযোগ্য নয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au