সর্বশেষ

বিএনপি জামায়াত সম্পর্কে টানাপোড়েন: কড়া মন্তব্যে বাড়ছে উত্তাপ

  • 6:53 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্ক চরম তিক্ততার দিকে মোড় নিয়েছে।

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্পর্ক চরম তিক্ততার দিকে মোড় নিয়েছে। এক সময়ের রাজনৈতিক মিত্র এই দুই দল এখন ধারাবাহিকভাবে একে অপরের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিচ্ছে। দুপক্ষই অভিযোগ করছে যে অন্যপক্ষ বর্তমানে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। এই অস্বাভাবিক পরিস্থিতি রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে।

সাম্প্রতিক সময়ে দুই দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা সমাবেশে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন জামায়াতের আমির শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে অন্যকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেন।

শনিবার সিলেটে জামায়াতের সমাবেশে শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি করে জনগণের ঘৃণা কুড়িয়েছে এবং আরেক দল আরও শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমেছে। তিনি আরও অভিযোগ করেন, একদল দখলদারিতে লিপ্ত হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আরেক দল এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে এসব বলেন।

বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরদিন ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান এর কড়া জবাব দেন। তিনি বলেন, জামায়াতের ভূমিকা ১৯৭১ সালেই জনগণের কাছে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতের কিছু ব্যক্তি এখন পলাতক স্বৈরাচারের মতো সুরে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তিনি ইঙ্গিত করে বলেন, যারা তখন বিএনপির সঙ্গে সরকারে ছিল, তারাই এখন ভিন্ন সুরে কথা বলছে।

উভয় দলের নেতাদের বক্তব্যের প্রভাব ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। কর্মী ও সমর্থকরা সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য করছেন। দেশের বিভিন্ন স্থানে এই উত্তেজনা সংঘর্ষেও রূপ নিয়েছে। পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, রাজশাহী, নরসিংদীসহ কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটেছে।

গণঅভ্যুত্থানের পর জামায়াতের শক্তি প্রদর্শন। ২০২৪ সালের ৩০ নভেম্বর সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে দলের আমির শফিকুর রহমান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে এক বক্তব্যে অভিযোগ করেন, জামায়াত ধর্মের অপব্যবহার করছে। অন্যদিকে জামায়াতের শীর্ষ নেতারা অভিযোগ করছেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের সব বক্তব্য ইতিহাসভিত্তিক। অন্যপক্ষ উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি মনে করেন, নির্বাচন সামনে হলে রাজনৈতিক বক্তব্য বাড়তেই পারে, তবে শিষ্টাচার বজায় রাখা জরুরি।

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে বিএনপিই। তাদের নেতারা এমন কিছু বলছেন যা অপ্রত্যাশিত। তবুও তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক শালীনতা বজায় থাকবে।

রাজনৈতিক বিশ্লেষক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর মনে করেন, দুই দল এখন প্রকাশ্যে একে অন্যকে ঘায়েল করার প্রতিযোগিতায় নেমেছে। তার মতে, এই উত্তেজনা ভোটারদের নিরুৎসাহিত করছে এবং নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীন মনে করেন, বিএনপি ও জামায়াত উভয়েই ভোটের মাঠে সুবিধা নেওয়ার কৌশল হিসেবে প্রতিপক্ষের দুর্বলতা সামনে আনছে। বিএনপি মুক্তিযুদ্ধ ইস্যু জোরালোভাবে তুলছে যাতে আওয়ামী লীগপন্থী ভোটারদের আকৃষ্ট করা যায়। অন্যদিকে জামায়াত দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ সামনে এনে বিএনপিকে চাপের মধ্যে রাখতে চাইছে।

২০০১ সালে বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার গঠন করলেও পরবর্তী সময়ে সম্পর্ক তিক্ত হতে থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে মতবিরোধ আরও বাড়ে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে জামায়াত ক্ষুব্ধ হয়। আবার পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে জামায়াত যে অবস্থান নিয়েছে, বিএনপি তার বিরোধিতা করে।

এরপর থেকেই দুই দলের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। বিএনপি ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধিতার প্রসঙ্গ তোলে আর জামায়াত তুলে ধরছে বিএনপির দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ।

বর্তমান রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে এই তিক্ততা যে নির্বাচনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে বিশ্লেষকরা একমত। দুই দলের এই মুখোমুখি অবস্থান রাজনৈতিক মাঠকে আরও অস্থির করে তুলছে।

সূত্রঃ

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au