বাংলাদেশ

বরেন্দ্র অঞ্চলে শত শত মৃত্যুফাঁদ, এবার কার পালা?

  • 4:50 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:২১ বার
ব্যক্তিমালিকানায় সেমিডিপ বা অগভীর নলকূপ বসানোর কাজ বন্ধ হয়নি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ডিসেম্বর- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে প্রতিদিনই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল এবং নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বহু এলাকায় পানির জন্য মানুষকে নির্ভর করতে হচ্ছে গভীর ও অগভীর নলকূপের ওপর। অথচ এসব এলাকাকেই সম্প্রতি অতি উচ্চ পানি সংকট এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। তবু বাস্তবে থেমে নেই নলকূপ বসানোর প্রতিযোগিতা। পানির ব্যবসা জমজমাট হলেও তার ছায়ায় তৈরি হয়েছে ভয়ংকর মৃত্যুফাঁদ, যার বলি হয়েছে দুই বছরের শিশু সাজিদ।

সম্প্রতি পানি সম্পদ ব্যবস্থাপনা সংস্থার সম্মেলন কক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির সভায় রাজশাহী অঞ্চলের তিন জেলার ২৫টি উপজেলাকে অতি উচ্চ পানি সংকট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে সতর্কতা জোরদার করার কথা বলা হলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। পানির স্তর নামতে নামতে একসময় আর পানি পাওয়া যাচ্ছে না। তখন নলকূপ তুলে অন্য জায়গায় বসানো হচ্ছে। আগের স্থানে পড়ে থাকছে গভীর গর্ত, যা অজান্তেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ।

এমনই একটি গর্তে পড়ে ১০ ডিসেম্বর দুপুরে মারা যায় শিশু সাজিদ। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কছির উদ্দিনের জমিতে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। প্রায় ৩২ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর মাটির প্রায় ৫০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয় সাজিদের মরদেহ। সাজিদ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। ছেলের লাশ উদ্ধারের পর সাজিদের বাবা ঘটনাটিকে অবহেলাজনিত মৃত্যু বলে দাবি করে বিচার চাইলেও পরে আর মামলা করতে চাননি।

ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন কছির উদ্দিন। তিনিই ওই গর্ত খুঁড়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তিনি উপজেলা সেচ কমিটির কোনো অনুমোদন ছাড়াই নলকূপ খননের কাজ করেছিলেন। ফলে ঘটনাটি নিয়ে এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমাগত নিচে নামতে থাকায় ২০১৫ সালেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় নতুন করে গভীর নলকূপ বসানো হবে না। সে সিদ্ধান্ত এখনো বহাল আছে। কিন্তু ব্যক্তিমালিকানায় সেমিডিপ বা অগভীর নলকূপ বসানোর কাজ বন্ধ হয়নি। পানি পেতে একাধিক জায়গায় খনন করা হয়। পানি না পেলে নলকূপ সরিয়ে নেওয়া হয়, কিন্তু গর্তটি আর ভরাট করা হয় না। এভাবেই তৈরি হয়েছে শত শত পরিত্যক্ত গর্ত। এসব গর্তের ব্যাস সাধারণত ৮ থেকে ১২ ইঞ্চি। বাইরে থেকে বোঝার উপায় নেই, অথচ এগুলোই হয়ে উঠছে প্রাণঘাতী ফাঁদ। শুধু সেচের পানি বিক্রি করে লাভের আশায় স্থানীয় প্রভাবশালীদের হাতেই তৈরি হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ গর্ত।

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কছির উদ্দিনকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার বড় ভাই আব্দুল করিমও নিখোঁজ। দুজনেরই মোবাইল ফোন বন্ধ। গ্রামবাসীরা জানান, কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি পানির ব্যবসা শুরু করেন। একাই এলাকায় পাঁচটি সেমিডিপ বসিয়েছেন। এর মধ্যে একটি মৎস্য খামারের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছে। দুটি নলকূপের বিদ্যুৎ সংযোগ রয়েছে সেচের নামে। বাকি দুটি অন্য ব্যক্তির সেমিডিপ থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চালানো হচ্ছে।

বরেন্দ্র অঞ্চলে কৃষকদের সেচের মূল দায়িত্বে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের অধীনে এই অঞ্চলে কয়েক হাজার গভীর নলকূপ রয়েছে। তবে সেচ আইন অনুযায়ী বিএমডিএর আওতাধীন এলাকায় ব্যক্তিমালিকানায় গভীর বা অগভীর নলকূপ বসানোর সুযোগ নেই। বাস্তবে দেখা যাচ্ছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উপজেলা সেচ কমিটিকে প্রভাবিত করে এসব নলকূপের অনুমোদন আদায় করা হচ্ছে। গত বছরই শুধু তানোর উপজেলায় ৩২টি অগভীর নলকূপ বসানোর অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তানোর উপজেলায় মোট সেচযন্ত্র রয়েছে দুই হাজার ১৯৫টি। এর মধ্যে বিএমডিএর গভীর নলকূপ ৫২৯টি, ব্যক্তিমালিকানায় গভীর নলকূপ ১৬টি এবং বাকি সব অগভীর। তবে এর বাইরে আরও প্রায় আড়াই হাজার অনুমোদনহীন অগভীর নলকূপ রয়েছে। শুধু তানোর নয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় সেচ কমিটির অনুমোদন ছাড়াই শত শত অগভীর নলকূপ চালু রয়েছে। অনেক ক্ষেত্রে মুরগির খামার, আবাসিক ভবন কিংবা ক্ষুদ্র শিল্পের নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচপাম্প চালানো হচ্ছে।

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর বিপজ্জনক হারে কমে যাওয়ায় সরকার চার হাজার ৯১১টি মৌজায় খাওয়ার পানি ছাড়া অন্য কাজে ভূগর্ভস্থ পানি তোলা নিষিদ্ধ করেছে। গত ৬ নভেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। তবু মাঠপর্যায়ে নিষেধাজ্ঞার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। অগভীর নলকূপ বসানোর কাজ চলছে আগের মতোই।

পানি সংকট নিয়ে কাজ করা উন্নয়নকর্মীরা বলছেন, বরেন্দ্র অঞ্চলে পানি এখন লাভজনক ব্যবসা। স্থানীয় উন্নয়নকর্মী জাহাঙ্গীর আলম জানান, পানির ব্যবসায় অন্তত ৭৫ শতাংশ পর্যন্ত লাভ হয়। সে কারণেই অবৈধভাবে অগভীর নলকূপ বসানোর প্রতিযোগিতা চলছে। তিনি বলেন, বিএমডিএর গভীর নলকূপের সংখ্যার চেয়েও বেশি অগভীর নলকূপ এখন এলাকায় চালু রয়েছে।

তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে দুই বছর পরপর এক স্থান থেকে নলকূপ তুলে অন্য জায়গায় বসানো হয়, যাকে রিবোরিং বলা হয়। এভাবে স্থান পরিবর্তনের পর আগের গর্ত অনেক জায়গায় উন্মুক্তই থেকে যায়। আবার নতুন নলকূপ বসাতে গিয়ে পানির স্তর না পাওয়ায় একাধিক স্থানে বোরহোল করা হয়। এসব পরিত্যক্ত গর্তই দুর্ঘটনার কারণ হয়ে উঠছে।

তদন্তে জানা গেছে, প্রায় এক বছর আগে শিশু সাজিদের বাড়ির পাশেই নিজের জমিতে আরেকটি অগভীর নলকূপ বসানোর চেষ্টা করেন কছির উদ্দিন। একের পর এক তিনটি স্থানে বোরহোল করা হয়। ৯০ ফুট গভীরেও পানি পাওয়া যায়নি। বরং পাথর উঠে আসছিল। তখন সেখানে নলকূপ বসানো হয়নি। বোরহোলের মুখে সামান্য খড় ও মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে জমি তলিয়ে গেলে সেই খড় ও মাটি সরে যায়। তখনই উন্মুক্ত গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

সাজিদের মা রুনা খাতুন বলেন, কছির উদ্দিন তিন জায়গায় গর্ত করে ফেলে রেখেছিলেন। সেই গর্তেই পড়ে আমার ছেলে মারা গেছে। আমি তার শাস্তি চাই।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, কছির উদ্দিনের অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার যেভাবে চাইবে, সেভাবেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসকের কাছে গভীর ও অগভীর নলকূপের তথ্য চাওয়া হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ১৩ ডিসেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে উন্মুক্ত গর্তগুলো চিহ্নিত করে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বরেন্দ্র অঞ্চলে পানির সংকট যেমন ভয়াবহ আকার নিচ্ছে, তেমনি নিয়ন্ত্রণহীন সেচ ব্যবসা প্রতিদিন তৈরি করছে নতুন নতুন মৃত্যুফাঁদ। প্রশাসনিক নজরদারি ও কঠোর ব্যবস্থা ছাড়া এসব প্রাণঘাতী গর্ত থেকে মানুষের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই শাখার আরও খবর

ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু ইরানের শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক এক হামলায় ইরানের…

 অভিনেতা শামস সুমনের মৃত্যু, নাট্যাঙ্গনে শোকের ছায়া

মেলবোর্ন, ১৮ মার্চ- দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ শামস সুমন আর নেই। বিশিষ্ট এই অভিনেতা ও রেডিও ভূমি-র স্টেশন চিফের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)…

অস্ট্রেলিয়ায় ওয়ান নেশনের উত্থান, বড় দলগুলোর প্রতি আস্থা কমছে কেন

মেলবোর্ন, ১৭ মার্চ- অস্ট্রেলিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক জনমত জরিপ। ‘রিজলভ’ জরিপের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, দেশটির দুই প্রধান রাজনৈতিক দল—লেবার…

চীনকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৭ মার্চ- নারীদের এশিয়ান কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেটলিন…

ভিক্টোরিয়া পার্লামেন্টে বাংলাদেশি প্রতিনিধি দল

মেলবোর্ন, ১৭ মার্চ:  অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক কাঠামো ও আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশি কমিউনিটির একটি প্রতিনিধি দল আজ ভিক্টোরিয়ার ঐতিহাসিক পার্লামেন্ট হাউস পরিদর্শন…

আরিচা ঘাটে শতবর্ষের ঐতিহ্যের মহা বারুণী স্নান, পূণ্যার্থীদের ঢল

 মেলবোর্ন, ১৭ মার্চ- মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে মঙ্গলবার (১৭ মার্চ) হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। ভোরের প্রথম আলো থেকে ঘাট এলাকায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au