যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের। ছবিঃ রয়টার্স
মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির জনপ্রিয় মোটর রেসিং তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহত সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রেগ বিফেল তার পরিবারের সদস্যদের নিয়ে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হন। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট, যা গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। অর্থাৎ তিনি নিজেই বিমানটির মালিক ছিলেন।
তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার মুখে পড়ে বিমানটি। স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নর্থ ক্যারোলাইনার স্টেটসভিল শহরের বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানান, আছড়ে পড়ার পরই বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ধরে যায়।
বিমানটিতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ভেতর থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করেন।
৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার ছিলেন। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি জাতীয় ও রাজ্যপর্যায়ের বিভিন্ন গাড়ি রেসিং প্রতিযোগিতায় অংশ নেন এবং মোট ১৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ২০২২ সালে তিনি পেশাদার রেসিং থেকে অবসর নেন।
গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং বা নাসকার প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও স্থান পেয়েছিলেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পরপরই স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। বিমানটি কেন বিধ্বস্ত হলো এবং আবহাওয়া ছাড়াও অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: রয়টার্স