আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…
মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে ঘিরে পুরো বাংলাদেশে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজনৈতিক কার্যালয়, সংবাদমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বাসভবনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর ঢাকাসহ বিভিন্ন জেলায় রাতভর বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীতে সংবাদমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক স্থাপনায় হামলার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ঝালকাঠি ও জামালপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়
হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরের কুমারপাড়ায় অবস্থিত ভবনটিতে এস্কেভেটর দিয়ে ভাঙচুর শুরু হয়। ভোর চারটার দিকে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর আসার পর জুলাই-৩৬ মঞ্চ, এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা প্রথমে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হন। পরে মিছিল নিয়ে তারা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
এ সময় রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয় এবং ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও’সহ নানা স্লোগান দেওয়া হয়। রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রকাশ্যে জানান, তারাই ভবনটি গুঁড়িয়ে দিয়েছেন এবং সিটি করপোরেশনকে ধ্বংসস্তূপ সরাতে বলা হয়েছে।
ঢাকায় ছায়ানট ভবনে পরিকল্পিত হামলা ও অগ্নিসংযোগ
ঢাকার ধানমন্ডিতে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছায়ানট ভবনে গভীর রাতে হামলা চালানো হয়। রাত একটার পর একদল লোক ভবনের পেছনের দরজা ভেঙে ঢুকে প্রতিটি তলায় কক্ষে কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।
প্রত্যক্ষ ভিডিও ফুটেজে দেখা যায়, বাদ্যযন্ত্র, আসবাব, মনিটরিং সিস্টেম, লাইট, ফ্যান, শিল্পকর্ম এবং কাগজপত্র তছনছ করে দেওয়া হয়। হামলাকারীরা মুখ ঢেকে ও হেলমেট পরে ভবনের ভেতরে প্রবেশ করে। ভাঙচুর শেষে ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও আগুন বড় আকার ধারণের আগেই নিভে যায়। পুলিশ ও সেনাবাহিনী পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সব কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
ডেইলি স্টার ভবনে হামলা, ছাদে আটকা পড়েন সাংবাদিকরা
কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর অন্তত ২৮ জন সাংবাদিক ও কর্মী ভবনের ছাদে তিন ঘণ্টার বেশি সময় আটকা পড়ে থাকেন।
একজন সাংবাদিক জানান, প্রথম আলোতে হামলার খবর পাওয়ার পর তারা ভবন ছাড়ার চেষ্টা করলেও ততক্ষণে নিচে মব ঢুকে পড়ে। ধোঁয়ার কারণে নিচে নামা সম্ভব না হওয়ায় তারা দশ তলার ছাদে আশ্রয় নেন।
একজন ক্যান্টিন কর্মী মই বেয়ে নামার চেষ্টা করলে তিনি নিচে মারধরের শিকার হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে গেলেও হামলাকারীরা ছাদে ওঠার চেষ্টা করলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় পেছনের ফায়ার এক্সিট দিয়ে সবাইকে বের করে আনা হয়।
সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা
রাজধানীর ফার্মগেটে দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভ চলাকালে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে গেলে বিক্ষোভকারীদের একাংশ তাকে ধাক্কা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রথম আলো অফিসে হামলা, আগুন
ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রথম আলো অফিসে হামলা চালাচ্ছে উশৃঙ্খল জনতা। প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনার কার্যালয়ে তারা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং আসবাবপত্র ও বইপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকলেও তাদের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।
প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা বন্ধ
হামলা ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো ও ডেইলি স্টার শুক্রবার ছাপা সংস্করণ প্রকাশ করতে পারেনি। অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিবিসি বাংলাকে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানান, কর্মীদের নিরাপত্তার কারণে রাতেই অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয় এবং সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতভর বিক্ষোভ
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল এসে শাহবাগে জড়ো হয়।
ডাকসুর নেতারা সেখানে বক্তব্য দিয়ে রাষ্ট্রের ব্যর্থতা ও হত্যার বিচার দাবি করেন। পরে শপথবাক্যের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। টিএসসি এলাকা থেকেও পৃথক মিছিল বের হয়।
চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর সমর্থকরা নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন।
বৃহস্পতিবার রাত ১১টার পর ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল সেখান থেকে চশমা হিল এলাকায় আওয়ামী লীগ আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে যায়। বিক্ষোভকারীরা প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেন। পরে বাসভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
বরিশাল, ঝালকাঠি ও জামালপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ
বরিশালে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তিনটি পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
ঝালকাঠিতে কলেজ মোড় এলাকায় আগুন জ্বালিয়ে বরিশাল-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। জামালপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।
চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় আগুন ও ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে সংঘর্ষ
চট্টগ্রামে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসার সামনে ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই রাতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর
ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগেও ওই স্থানে একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল।
বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন
বান্দরবানে কথিত ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়।
ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’
হাদির মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পোস্টার লাগিয়ে হল সংসদের নেতারা নাম পরিবর্তনের ঘোষণা দেন। মধ্যরাতেই নতুন নামের ব্যানার টানানো হয়।
উত্তরায় সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের উত্তরার বাসায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
১৮ ডিসেম্বর মধ্যরাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল উশৃঙ্খল জনতা এসে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে করতে ও হাদির পক্ষে স্লোগান দিতে দিতে বাসায় আগুন ধরিয়ে দেয়। শেষ রাত পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।
হাদির গ্রামের বাড়িতে শোকের মাতম
ঝালকাঠির নলছিটিতে হাদির গ্রামের বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের ভিড় জমে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির শোক, ইউনূসের সংযমের আহ্বান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
সহিংসতা পরিহারের আহ্বান ইনকিলাব মঞ্চের
হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, এসব সহিংসতা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং এতে গণতান্ত্রিক আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au