বাংলাদেশ

রাকসু জিএসের আচরণে ‘সন্ত্রাসী মানসিকতার’ অভিযোগ ছাত্রদলের

  • 3:45 pm - December 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ডিনদের পদত্যাগপত্র হাতে নিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের কল করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার সকালে রাকসু ভবনের সামনেছবি : প্রথম আলো

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সাম্প্রতিক কর্মকাণ্ডকে সন্ত্রাসী আচরণের শামিল বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব। বিবৃতিতে বলা হয়, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের বক্তব্য ও আচরণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হুমকিস্বরূপ এবং তা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সম্পূর্ণ পরিপন্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের জন্য সময় বেঁধে দেন। পোস্টে তিনি ডিনদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং ‘বাকিটা বুঝিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দেন। একই ধারাবাহিকতায় শুক্রবার তিনি মন্তব্য করেন, আওয়ামী ফ্যাসিবাদের মদদপুষ্ট কোনো শিক্ষক বা কর্মকর্তা চাকরিতে থাকলে তাঁদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।

ছাত্রদলের বিবৃতিতে এসব বক্তব্যকে প্রকাশ্য হুমকি হিসেবে উল্লেখ করে বলা হয়, একজন ছাত্রনেতার কাছ থেকে শিক্ষকদের সঙ্গে এ ধরনের অশোভন ও মারমুখী আচরণ অগ্রহণযোগ্য। সংগঠনটির ভাষায়, এটি শুধু অছাত্রসুলভ নয়, বরং সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ে তথাকথিত ‘তালা ঝোলানো’ সংস্কৃতি ফ্যাসিবাদের স্মৃতি মনে করিয়ে দেয়। অতীতে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সহ-উপাচার্যসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ শামসুজ্জোহার বিদ্যাপীঠে পরিকল্পিতভাবে শিক্ষকদের অপমান বা লাঞ্ছনার চেষ্টা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় ছাত্রদল।

সংগঠনটি দাবি করে, কারও বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর হওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা দেশের প্রচলিত আইনে বিচার হওয়া উচিত। কিন্তু তথ্য-উপাত্ত ছাড়া অহেতুক ট্যাগিং, হুমকি ও উসকানির মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম যৌথভাবে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি হুমকি এবং অশালীন আচরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একজন ছাত্রনেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এদিকে রোববার সকালে ছয়টি অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন এবং ডিনদের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমের সামনে একে একে তাঁদের ফোন করেন। একই সঙ্গে তাঁদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র প্রকাশ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন জানতে পেরে তাঁর বিভাগেও যান তিনি, তবে সেখানে শিক্ষককে পাননি।

এরপর দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ ডিনস কমপ্লেক্সের তিনটি কার্যালয় ও উপাচার্যসহ প্রশাসন ভবনের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে নেওয়া হয়। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসজুড়ে দিনভর উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করে।

এই শাখার আরও খবর

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি সামরিক রাডার স্থাপনার কাছে চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে কেপ…

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ রাতে

মেলবোর্ন, ২১ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে। নতুন…

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au