বাংলাদেশ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে দেয়া হল গানম্যান

  • 12:01 am - December 23, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে দেয়া হল গানম্যান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- নিরাপত্তার কথা বিবেচনা করে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ মোট ২০ জনকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সংশ্লিষ্টদের বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ইতোমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। হামলার প্রেক্ষাপটে পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তাদের জন্য গানম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং বাসায় নজরদারি বাড়ানো হয়েছে।

সম্প্রতি আততায়ীর গুলিতে আহত হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রাজধানীতে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি আশ্বস্ত করেন।

হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ দেশে না বিদেশে আছেন, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খুব দ্রুতই এই ঘটনার মূল হোতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা বজায় রাখতে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এ ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাদির হত্যাকারী বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে তিনি বলেন, অবস্থান নিশ্চিতভাবে জানা গেলে তাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হতো। তিনি দেশেও থাকতে পারেন, আবার দেশের বাইরেও থাকতে পারেন। তবে হত্যাকারী বৈধ না অবৈধ পথে দেশ ছেড়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

হাদি হত্যার পর রাজনীতিকসহ প্রায় ৫০ জনের একটি ‘হিট লিস্ট’ রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের অনেককেই ইতোমধ্যে একজন করে গানম্যান দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ডিজিএফআই, এনএসআই এবং এসবি যৌথভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। তবে অনেকেই গানম্যান নিতে আগ্রহী নন বলেও তিনি জানান।

গানম্যানপ্রাপ্ত ব্যক্তিরা সবাই রাজনীতিক কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, তারা যখন গানম্যানসহ চলাফেরা করবেন, তখন অনুসন্ধানী সাংবাদিকতা করে বিষয়টি খুঁজে বের করা যাবে।

এদিকে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ডাকসু, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে। এ প্রসঙ্গে এক সাংবাদিক তার পদত্যাগ নিয়ে রোববার দিনভর গুঞ্জনের কথা উল্লেখ করলে তিনি বলেন, পদত্যাগ করলে তিনি এভাবে দায়িত্বে থেকে বৈঠকে বসতেন না।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au