বাংলাদেশ

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

  • 5:13 pm - December 23, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার
প্রথম আলো অফিসে হামলা, আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ডিসেম্বর- ভারতবিরোধী মনোভাবকে সামনে রেখে বাংলাদেশে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে সহিংসতা চালানো হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিজয় দিবসের মাত্র দুদিন পর, ১৮ ডিসেম্বর রাতজুড়ে দেশের দুটি শীর্ষ গণমাধ্যম এবং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নজিরবিহীন মব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেশজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ভবনে হামলা চালানো হয়। হামলাকারীরা এসব প্রতিষ্ঠানকে ‘ভারতের দালাল’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দেয়। পর্যবেক্ষকদের মতে, এই ভাষা ও ট্যাগিং কেবল ক্ষোভ প্রকাশ নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ানকে সামনে আনার কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে।

ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম ডেইলি স্টার অফিসে হামলা চালাচ্ছে উশৃঙ্খল জনতা। ছবিঃ সংগৃহীত

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভারতের ভূমিকা ইতিবাচক হলেও পরবর্তী সময়ে সীমান্তে বাংলাদেশি হত্যা, পানি বণ্টন ইস্যু এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের কারণে দেশটিকে ঘিরে বিভিন্ন সময়ে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মুহূর্তগুলোতে এই মনোভাবকে ব্যবহার করার প্রবণতাও নতুন নয়। অনেকের মতে, সাম্প্রতিক হামলাগুলো সেই ধারাবাহিকতারই নতুন রূপ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রায় ১৬ মাসের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তারা মনে করছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল এই অস্থিতিশীলতা থেকে উত্তরণ সম্ভব। তবে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার উদ্দেশ্যে একটি পক্ষ ভারতবিরোধী আবেগকে উসকে দিয়ে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করছেন রাজনীতিবিদদের অনেকে।

ছায়ানটে হামলা ও ভাংচুর। ছবি: সংগৃহীত

ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ভারতবিরোধী রাজনীতির নতুন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ গত বছরের জুলাই আন্দোলনের পর আরও তীব্র হয়ে ওঠে। গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের আধিপত্যের অনুভূতির বিরুদ্ধে একটি প্রতিরোধ সবসময়ই ছিল, এর সঙ্গে যুক্ত হয়েছে পতিত সরকারের প্রতি ভারতের সমর্থন।

শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চাওয়ার পরও তাকে না দেওয়া এবং ওসমান হাদি হত্যার পর সামাজিক মাধ্যমে হত্যাকারীর ভারতে পালিয়ে যাওয়ার প্রচারণা ভারত-বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। যদিও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আসামিরা দেশ ছেড়ে পালিয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই। রোববার পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আসামিরা সীমান্ত পার হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান, আসামির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকলে তাকে গ্রেপ্তার করা হতো।

বিশ্লেষকদের মতে, ভারতবিরোধিতার নাম করে সহিংসতা উসকে দেওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম নয়। সম্প্রতি দৈনিক পত্রিকা অফিস, ছায়ানট ও উদীচী ভবনে হামলা এবং ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি পুনরায় ভাঙচুরের সময়ও ভারতবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। এসব ঘটনায় জামায়াতপন্থি ছাত্র সংগঠনের কয়েকজন নেতার প্রকাশ্য বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান এক সমাবেশে প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ করার আহ্বান জানান। একই দিনে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান সাংস্কৃতিক লড়াইয়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ‘তছনছ’ করার হুমকি দেন।

বিবিসি বাংলার সঙ্গে যোগাযোগ করা হলে এসব বক্তব্য অস্বীকার না করে ভিন্ন ব্যাখ্যা দেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগকে যে বৈধতা দিয়েছে, তা ভাঙার কথাই তারা বলেছেন। অন্যদিকে নেতাদের কথার ভুল ব্যাখ্যা করে হামলার দায় ইসলামী ছাত্রশিবিরের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে বলেও সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

তবে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর মনে করেন, ধর্মভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করতে চাওয়া গোষ্ঠীর জন্য ভারতবিরোধী স্লোগান একটি সুবিধাজনক হাতিয়ার। তার মতে, জুলাই আন্দোলনের পর ভারতের প্রতিক্রিয়ায় জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেটিকে ব্যবহার করেই একটি গোষ্ঠী নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সহিংসতা উসকে দিচ্ছে। তিনি বলেন, যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা হয়, তখন ভারতবিরোধী স্লোগান সামনে রাখলে তাদের কাজ সহজ হয়ে যায়।

এদিকে হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অভিযোগ করেছে, হামলাকারীরা পৌঁছানোর আগেই সরকারের উচ্চ পর্যায়ে সহায়তা চাওয়া হলেও কার্যকর সাড়া পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে এলেও মব থামাতে সক্রিয় ভূমিকা নেয়নি। অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, এটি সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং অনেক ক্ষেত্রে মনে হচ্ছে সরকার এসব উসকানি ও সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে।

হামলার ঘটনায় ছায়ানট তিন শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে হামলাকারীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে, যিনি সাংবাদিকদের উদ্ধারের জন্য সময় চেয়েছিলেন।

নূরুল কবীরের মতে, সরকারের ভেতরের একটি অংশের সমর্থন ছাড়া এমন সহিংসতা সম্ভব নয়। তার ভাষায়, ডেইলি স্টার ও প্রথম আলোতে অগ্নিসংযোগের পর সরকারের হস্তক্ষেপে যে দেরি হয়েছে, তা এই সরকারের ব্যর্থতার প্রমাণ। একই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় তিনি বলেন, সরকারের ভেতরের একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত এবং আন্দোলনের স্লোগান ব্যবহার করেই সহিংসতার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

ইউক্রেন যুদ্ধের ময়দানে সশস্ত্র রোবট, প্রযুক্তিনির্ভর লড়াইয়ে নতুন অধ্যায়

মেলবোর্ন, ৭ মার্চ- রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে এক উচ্চপ্রযুক্তিনির্ভর সংঘাতে রূপ নিয়েছে। আকাশজুড়ে গুপ্তচর ও হামলাকারী ড্রোনের ঝাঁক নিয়মিত উড়তে…

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হতে পারে আজ রাতেই

মেলবোর্ন,৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au