সর্বশেষ

সংখ্যালঘুদের ওপর সহিংসতা বন্ধে দ্রুত কঠোর পদক্ষেপ চায় ঐক্য পরিষদ

  • 9:55 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা।

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর- দেশজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা। সোমবার ২২ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে নেতৃবৃন্দ জানান, চলতি বছরে সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অর্ধশতাধিক হত্যাকাণ্ডসহ অর্ধ সহস্রাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহেই পাঁচজন সংখ্যালঘু নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

নেতারা জানান, ২ ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার, ৫ ডিসেম্বর ফরিদপুরের সালফায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুবর্ণা রায় নিহত হন। এছাড়া ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ তোলা হয়। আরও অভিযোগ করা হয়, ১৯ ডিসেম্বর ঝিনাইদহে গোপাল বিশ্বাস নামের এক রিকশাচালককে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে ট্যাগ দিয়ে স্থানীয় পৌরসভা গেটের সামনে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের লোমহর্ষক ঘটনা অব্যাহত রেখে স্বার্থান্বেষী একটি অশুভ মহল দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে সক্রিয়। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে তাদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগে নিরুৎসাহিত করা হচ্ছে বলে তারা মনে করেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ থেকে সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও। বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ডি এন চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। কর্মসূচি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সচিব পলাশ কান্তি দে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে হাইকোর্টের সামনে দিয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। একই দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au