লিড নিউজ

ব্রেকিং: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত, নিহত অন্তত ১৩ জন

  • 11:55 am - December 29, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
মেক্সিকোর ওয়াহাকা রাজ্যের নিজান্দার কাছে ইন্টারওশেনিক ট্রেন লাইনচ্যুত হয়ে বহু যাত্রী হতাহত হয়েছেন; উদ্ধার ও চিকিৎসা সহায়তায় ঘটনাস্থলে কাজ করছে সরকারি সংস্থাগুলো। ছবি: ABC News

মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওয়াহাকা (Oaxaca) রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৯ জন ছিলেন ট্রেনের ক্রু সদস্য।

মেক্সিকান নৌবাহিনীর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৯০ জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ৩৬ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটে চিভেলা (Chivela) ও নিজান্দা (Nizanda) শহরের মধ্যবর্তী একটি রেলপথে, যা প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রুটের অংশ। কর্মকর্তারা জানান, নিজান্দা শহরের কাছে একটি বাঁক অতিক্রম করার সময় ওয়াহাকা ও ভেরাক্রুজ রাজ্য সংযোগকারী ‘ইন্টারওশেনিক ট্রেন’টি লাইনচ্যুত হয়।

ওয়াহাকা রাজ্যের গভর্নর সালোমোন জারা রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য একাধিক সরকারি সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

‘ইন্টারওশেনিক ট্রেন’টি ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদর উদ্বোধন করেছিলেন। এটি দক্ষিণ মেক্সিকোয় রেল যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তেহুয়ানতেপেক ইস্থমাস অঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত করিডোরে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে বন্দর ও রেলপথের মাধ্যমে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করা হবে। বর্তমানে এই ট্রেনটি প্রশান্ত মহাসাগরের সালিনা ক্রুজ বন্দর থেকে শুরু করে প্রায় ২৯০ কিলোমিটার পথ পেরিয়ে আটলান্টিক উপকূলের কোয়াত্সাকোয়ালকোস পর্যন্ত চলাচল করে।

এদিকে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আর্নেস্তিনা গোদয় রামোসের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au