বাংলাদেশ

ইসলামিস্ট জিহাদীদের হামলায় ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

  • 6:18 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:৩৩৭ বার
সংস্কৃতির ওপর হামলার বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিল্পী ও নাগরিক সমাজ। ঢাকায় প্রতিবাদ কর্মসূচি।

মেলবোর্ন, ২ জানুয়ারি ২০২৬- বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডল আবারও রক্তাক্ত ও আতঙ্কিত। ইসলামিক উগ্রপন্থীদের ধারাবাহিক হামলার মুখে দাঁড়িয়ে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলো এখন অস্তিত্বের লড়াইয়ে। ঢাকায় ছায়ানট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে ১৮ ও ১৯ ডিসেম্বরের অগ্নিসংযোগ ও ভাঙচুর শুধু দুটি প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের আত্মপরিচয়, ভাষা ও সংস্কৃতির ওপর এক গভীর আঘাত। এই হামলায় ক্ষতবিক্ষত হয়ে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিও, যাঁরা এই জাতির চেতনার মূল স্তম্ভ। একজন বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা, অন্যজন বিদ্রোহী কণ্ঠের প্রতীক, অথচ তাঁদের ছবিও উগ্রবাদী আগুনে পুড়ে গেছে।

এই হামলাগুলো আবার সামনে নিয়ে এসেছে বাংলাদেশের বহুদিনের দ্বন্দ্ব—বাংলালি পরিচয় বনাম উগ্র ইসলামি পরিচয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রটি ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছিল, তার মূলেই ছিল ভাষা ও সংস্কৃতির অধিকার। উর্দুভাষী পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির বিদ্রোহ ছিল কেবল রাজনৈতিক নয়, ছিল সাংস্কৃতিক মুক্তিরও সংগ্রাম। সেই ইতিহাসের উত্তরাধিকার বহন করে ছায়ানট ও উদীচী।

ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ঢাকার চায়ানট ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়, যেখানে পুড়ে গেছে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবি, বাদ্যযন্ত্র ও মূল্যবান বই। ছবি: সংগৃহীত

এই সাম্প্রতিক হামলায় শুধু সাংস্কৃতিক সংগঠনই নয়, দেশের দুই বড় গণমাধ্যমের কার্যালয়েও আক্রমণ হয়েছে, আর একই সময়ে এক হিন্দু সংখ্যালঘু নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬–এর জাতীয় নির্বাচনের আগে এমন ঘটনা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি অস্থিরতার মধ্যেই রয়েছে, আর এই অস্থিরতার সুযোগ নিচ্ছে উগ্রপন্থী ইসলামি গোষ্ঠীগুলো।

১৮ ও ১৯ ডিসেম্বর ঢাকাসহ বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির হত্যার পর। তিনি ছিলেন ভারতের কট্টর সমালোচক। হামলার পেছনে কারা ছিল, তা সরকারিভাবে স্পষ্ট নয়, তবে অনেকেই সন্দেহ করছেন ইসলামপন্থী চরমপন্থীদের দিকে। হামলার আগেই জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের নেতা মোস্তাফিজুর রহমান ছায়ানট ও উদীচীসহ কিছু প্রতিষ্ঠানকে “চূর্ণ করার” কথা বলেছিলেন, যাদের তিনি বাংলাদেশের “সত্যিকারের স্বাধীনতার” পথে বাধা হিসেবে দেখেন। পরে তিনি দাবি করেন, তিনি নাকি বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কথা বলেছেন, শারীরিক ধ্বংসের নয়, কিন্তু এই ব্যাখ্যা আসে হামলার পর।

সরকারের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থতা নিয়েও সমালোচনা তীব্র হয়েছে। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেছেন, এই হামলা আসলে দীর্ঘদিন ধরে চলা এক বৃহত্তর প্রকল্পের অংশ, যার লক্ষ্য বাংলাভাষা ও সংস্কৃতিকে সরিয়ে উগ্র ধর্মীয় পরিচয় চাপিয়ে দেওয়া। তাঁর ভাষায়, যারা এই হামলা চালিয়েছে, তারাই সেই শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতার আদর্শ ও চেতনাকে ধ্বংস করতে চায়।

ছায়ানট ও উদীচী উভয়ই ষাটের দশকে প্রতিষ্ঠিত, এবং মুক্তিযুদ্ধের সময় তাদের সংগীত ও সাংস্কৃতিক আন্দোলন বাংলাদেশি জাতীয় পরিচয়ের ভিত গড়ে তুলেছিল। আজ উদীচীর প্রায় ১৫ হাজার সদস্য সারা দেশে ছড়িয়ে আছে, আর ছায়ানটের ঢাকার সংগীত বিদ্যালয়ে পড়াশোনা করে চার হাজারের বেশি শিক্ষার্থী। কিন্তু এই সংগঠনগুলোর ইতিহাস রক্তাক্ত। ২০০১ সালের পহেলা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বিস্ফোরণে ১০ জন প্রাণ হারান, ২০০৫ সালে নেত্রকোনায় আরেক হামলায় মারা যান আটজন। সবগুলোর পেছনেই ছিল ইসলামিক জঙ্গিগোষ্ঠী।

ছায়ানটের সভাপতি ড. সরওয়ার আলী বলেন, এই গোষ্ঠীগুলো মনে করে বাঙালি গান ও সংস্কৃতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। তারা চায় বাংলাদেশ একটি একমাত্রিক ধর্মীয় পরিচয়ের রাষ্ট্র হোক। সাম্প্রতিক মাসগুলোতে বাউল শিল্পীদের ওপর হামলা, লোকসংস্কৃতির ওপর চাপ এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল—সবই সেই একই প্রবণতার অংশ।

থিংকট্যাংক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক ফয়েজ সোবহান বলেছেন, শেখ হাসিনা অপসারিত হওয়ার পর পুলিশ ও প্রশাসনের দুর্বলতার সুযোগে এসব গোষ্ঠী আরও বেপরোয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে তারা সংখ্যালঘু ও তথাকথিত “অইসলামিক” প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে নিজেদের ভোটব্যাংক শক্ত করতে চায়।

ছায়ানটের ক্ষতির পরিমাণই প্রায় ২৪ মিলিয়ন টাকা। পুড়ে গেছে বই, ভেঙেছে বাদ্যযন্ত্র, নষ্ট হয়েছে আসবাবপত্র। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি ভয়। অনেক শিল্পী আতঙ্কে ঘরে বন্দি হয়ে পড়েছেন। তবুও উদীচী ও ছায়ানট পিছু হটেনি। ২০ ডিসেম্বর, হামলার পরদিনই উদীচীর সদস্যরা ভাঙা অফিসের সামনে গান গেয়ে প্রতিবাদ করেন। সারা দেশে বিক্ষোভ শুরু হয়। উদীচী ঘোষণা দিয়েছে, তারা জনগণের অনুদানে তাদের অফিস পুনর্নির্মাণ করবে।ছায়ানটের পক্ষেও জনসমর্থন ঢল নেমেছে। ২৩ ডিসেম্বর দুই হাজারের বেশি মানুষ ছায়ানটের সামনে জড়ো হয়ে রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গেয়েছেন, যার ভিডিও ভাইরাল হয়েছে।

ছায়ানট আবার নিয়মিত ক্লাস শুরু করেছে। ড. আলী বলেছেন, এই জনসমর্থনই তাদের সাহস দেয়। বিএনপির নেতা তারেক রহমানও বলেছেন, বাংলাদেশ পাহাড়-সমতল, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার দেশ। কিন্তু মাঠের বাস্তবতা কঠিন।

তারপরও উদীচী ও ছায়ানটের মতো সংগঠনগুলো লড়াই ছাড়ছে না। তারা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে গান গাইতে ভয় থাকবে না, ছবি আঁকতে বাধা থাকবে না, নাটক মঞ্চস্থ করতে কেউ রক্তচক্ষু দেখাবে না। মুক্তিযোদ্ধারা যে ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়েছিলেন, সেই বাংলাদেশ গড়ার লড়াই তারা চালিয়ে যাবেই।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au