সর্বশেষ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি

  • 5:58 am - January 04, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক তিন পর্যটককে ছাড়তে মুক্তিপণ দাবি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- সুন্দরবনে ঘুরতে এসে দস্যু বাহিনীর হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হয়েছেন। অপহৃতদের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। শুক্রবার ২ জানুয়ারি বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবনসংলগ্ন কেনুর খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

স্থানীয় প্রশাসন, বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নারী ও পুরুষসহ চার পর্যটক রাজধানী ঢাকা থেকে সুন্দরবনে ভ্রমণে আসেন। তারা দুপুরের দিকে সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত গোল কানন নামে একটি রিসোর্টে বুকিং নিয়ে সেখানে ওঠেন এবং রাত যাপনের প্রস্তুতি নেন। বিকেলের দিকে রিসোর্টের মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক একটি নৌকায় করে রিসোর্টসংলগ্ন ছোট একটি খালে ঘুরতে বের হন।

এ সময় হঠাৎ করে সশস্ত্র দস্যুদের একটি দল নৌকাটি ঘিরে ফেলে। দস্যুরা নারীসহ মোট পাঁচজনকে জোরপূর্বক তুলে নেয়। পরে রাতের দিকে দুই নারী পর্যটককে ছেড়ে দিয়ে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হয়। তবে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।

অপহৃত দুই পর্যটক ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। দাকোপ থানা পুলিশের তথ্য অনুযায়ী, তাঁদের নাম মো. সোহেল ও জনি। অপহৃতদের পরিবারের সঙ্গে দস্যুদের যোগাযোগ হয়েছে এবং মুক্তিপণের জন্য দরকষাকষি চলছে বলে জানা গেছে। তবে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে, তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়ের ছোট ভাই উত্তম বাছাড়। তিনি জানান, দস্যুরা মুক্তিপণ দাবি করেছে এবং পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে সময় কাটছে।

এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি পর্যটক অপহরণের বিষয়টি শুনেছেন। তবে কোন দস্যু বাহিনী এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করা যায়নি।

পর্যটক অপহরণের ঘটনার পর শনিবার ৩ জানুয়ারি দিনভর ঢাংমারী এলাকার রিসোর্টগুলোতে কোনো ট্যুর নৌযান বা পর্যটকের যাতায়াত দেখা যায়নি। এ ঘটনায় সুন্দরবনে ভ্রমণ করতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

খুলনার দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে এসে দুই পর্যটক ও একটি রিসোর্টের মালিক অপহৃত হয়েছেন। তাদের উদ্ধারে থানা-পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহৃতদের নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au