বাংলাদেশ

বিএনপির সঙ্গে বরফ গলাতে চাইছে ভারত, এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত

  • 7:51 pm - January 07, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় তারেক রহমানের হাতে ভারত সরকারের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জানুয়ারি- বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভারত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক নতুন করে উষ্ণ করার চেষ্টা শুরু হয়েছে। ঢাকায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠককে এই পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় আয়োজিত জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের মধ্যে ছিলেন এস জয়শঙ্করও। শোকাবহ পরিবেশে কালো পোশাকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন জয়শঙ্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের ছবি প্রকাশ করে তিনি লেখেন, খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ দুই দেশের সম্পর্ক উন্নয়নে পথ দেখাবে বলে ভারত আশাবাদী।

খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ দীর্ঘ কয়েক দশক ধরে নয়াদিল্লি প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনের বিরোধিতা করে এসেছে। বাংলাদেশের বহু মানুষের কাছে তিনি আশির দশকে সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হলেও ভারতের দৃষ্টিতে বিএনপি ছিল সন্দেহ ও অবিশ্বাসের জায়গায়। দীর্ঘদিন বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোট, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ এবং সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতে মতবিরোধ ভারতের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছিল। বিপরীতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নয়াদিল্লি তাদের স্বাভাবিক মিত্র হিসেবেই বিবেচনা করত।

তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে সেই অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর আল জাজিরাকে জানান, জয়শঙ্করের সঙ্গে বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং এটি দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সম্ভাবনা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের পেছনে পরিস্থিতির চাপ রয়েছে দুই পক্ষের ওপরই। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর বাংলাদেশের রাজপথে প্রবল ভারতবিরোধী মনোভাব তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং গত বছরের দমন-পীড়নের ঘটনায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশে দোষী সাব্যস্ত হলেও ভারত তাকে ফেরত দিচ্ছে না। জাতিসংঘের হিসাবে ওই দমন অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

এরপর একাধিক ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনের মধ্যে পড়ে। ভারতবিরোধী এক আন্দোলনকারীর হত্যাকাণ্ড, একজন হিন্দু নাগরিকের গণপিটুনি এবং পারস্পরিক ভিসা সেবা সাময়িকভাবে বন্ধের মতো ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ছবিঃ বিবিসি

এ অবস্থায় আওয়ামী লীগকে ফেব্রুয়ারির নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ যে মধ্যপন্থী ও উদার রাজনৈতিক জায়গা ছেড়ে গেছে, বিএনপি সেটি দখলের চেষ্টা করছে। ইতোমধ্যে বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। জামায়াত এখন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি দলের সঙ্গে জোট বেঁধেছে, যা নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠনের দৌড়ে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটকে এগিয়ে থাকা শক্তি হিসেবে দেখা হচ্ছে। জামায়াতের পাকিস্তানঘেঁষা রাজনীতির সঙ্গে ভারতের আপস করার সুযোগ নেই বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ফলে সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য নয়াদিল্লির কাছে তুলনামূলক গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

১৭ বছর পর গত ডিসেম্বরে দেশে ফিরে তারেক রহমান বলেন, তিনি একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চান, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও ঢাকায় নিযুক্ত সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, দীর্ঘ নির্বাসনে থেকে তারেক রহমান রাজনৈতিকভাবে পরিণত হয়েছেন, তার বক্তব্যে সেটি স্পষ্ট।

২০০৬ সালের পর থেকে বিএনপি কার্যত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় ছিল। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরে আওয়ামী লীগ সরকারের সময় দলটির নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তার চলে। বিএনপির সর্বশেষ ক্ষমতাকাল ২০০১ থেকে ২০০৬ সাল ভারতের বিজেপি সরকারের সময়ের সঙ্গে মিলে যায়। সে সময় বাণিজ্য, সীমান্ত, নদীর পানি বণ্টন, অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল। ভারত অভিযোগ করেছিল, বাংলাদেশের ভেতরে ভারতবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো আশ্রয় পাচ্ছে। বিএনপি সে অভিযোগ অস্বীকার করেছিল।

তবে সময়ের সঙ্গে হিসাব বদলেছে। গত নভেম্বরে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নরেন্দ্র মোদি দ্রুত তার আরোগ্য কামনা করেন এবং বিএনপিও কৃতজ্ঞতা জানায়। শ্রিংলার মতে, তারেক রহমান বুঝতে পেরেছেন যে সফলভাবে সরকার চালাতে গেলে ভারতের সঙ্গে শত্রুতা নয়, অন্তত বিরোধ এড়িয়ে চলাই বাস্তবসম্মত পথ।

ভারতের দৃষ্টিতে তারেক রহমান এখন তুলনামূলক নিরাপদ বিকল্প বলেই মনে করছেন অনেকে। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীধরা দত্ত বলেন, তারেক রহমান জনপ্রিয়তা পাচ্ছেন এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে। ঢাকায় তার প্রত্যাবর্তনের সময় বিপুল জনসমাগম সেটির প্রমাণ।

১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বিশাল জনসমাবেশে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশ গড়ার নতুন অঙ্গীকার নিয়ে। ছবি: সংগৃহীত

তবে কেবল সৌজন্য সাক্ষাৎ বা কূটনৈতিক ভাষা দিয়ে সম্পর্কের ক্ষত সারবে কি না, সে প্রশ্নও রয়েছে। তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, সত্যিকারের নতুন শুরু চাইলে অতীত থেকে স্পষ্টভাবে সরে আসতে হবে। তার দাবি, শেখ হাসিনার সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ছিল ব্যক্তি নির্ভর, জনগণের নয়। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ভারত ও চীনের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রাখার কারণে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তীব্র হয়েছে। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে তার প্রত্যর্পণ ইস্যুতে চাপ অব্যাহত থাকবে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলাধুলাতেও পড়েছে। ভারতের আইপিএলে বিজেপি নেতাদের আপত্তির মুখে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার অনুরোধ জানানো হয়েছে।

সব মিলিয়ে বিশ্লেষকদের মতে, বিএনপি ক্ষমতায় ফিরলে ভারতের বড় উদ্বেগ হবে পাকিস্তানপন্থী গোষ্ঠী ও সশস্ত্র সংগঠনগুলোর প্রভাব। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোই তাদের লক্ষ্য। এখন দেখার বিষয়, নির্বাচনের পর এই সম্ভাব্য নতুন অধ্যায় বাস্তবে কতটা রূপ নেয়।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

ব্যাটল আফটার অ্যানাদার’-এর দাপট, আলোচনায় ‘সিনার্স’ও

মেলবোর্ন, ১৭ মার্চ: লস অ্যাঞ্জেলসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে “One Battle After Another”,…

আইসিইউতে ধর্ষণের শিকার শিশু, মাদ্রাসা সুপার আটক

মেলবোর্ন, ১৭ মার্চ- কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।…

কিছু দেশ সহায়তায় আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প

মেলবোর্ন, ১৭ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি স্বাভাবিক রাখতে কিছু দেশ সহযোগিতা করতে আগ্রহী হলেও কয়েকটি দেশ এ বিষয়ে…

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৭ মার্চ- অলিম্পিকের মশাল অনেক আগেই নিভে গেছে, ক্যালেন্ডারের পাতাও বদলে গেছে বহুবার। তবু অস্ট্রেলিয়া-র মাটিতে এখনও জীবন্ত হয়ে আছে সেই ইতিহাস। মেলবোর্ন-এর শান্ত…

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

মেলবোর্ন, ১৭ মার্চ- ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে চান তিনি। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল-এর…

হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় ট্রাম্পের আহ্বান, বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় মিশ্র সাড়া

মেলবোর্ন, ১৭ মার্চ- মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au