আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…
মেলবোর্ন, ১০ জানুয়ারি- বাংলাদেশে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ সদরদপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে সারাদেশে অপহরণের ঘটনা ঘটেছে এক হাজার ১০২টি, যা আগের বছরের তুলনায় ৪৬০টি বেশি। ২০২৪ সালে অপহরণের সংখ্যা ছিল ৬৪২টি। শতাংশের হিসাবে এক বছরের ব্যবধানে অপহরণ বেড়েছে প্রায় ৭১ দশমিক ৬৫ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালেই সর্বাধিক অপহরণের ঘটনা রেকর্ড হয়েছে। এর আগে ২০২৩ সালে ৪৬৩টি, ২০২২ সালে ৪৬০টি এবং ২০২১ সালে ৪৪৫টি অপহরণের ঘটনা ঘটে।
নতুন বছরে পরপর কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে ভোটের মাঠের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার গত ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করে। সোমবার পর্যন্ত ২৪ দিনে এই অভিযানে ১৫ হাজার ৯ জনকে গ্রেপ্তার এবং ২১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এত বড় অভিযানের মধ্যেও থেমে নেই গুলির ঘটনা ও হত্যাকাণ্ড।
গত ২৯ ডিসেম্বর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক আসন্ন নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশ দেন। ওই সভায় ভার্চুয়ালি দেশের সব জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এর মধ্যেই রাজধানীতে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। গত বুধবার ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে হত্যা করা হয়। এর আগে ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি প্রাইভেটকার নিয়ে এলাকায় ঘুরতে গেলে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কবিতর্কের ঘটনা ঘটে। পরে একাধিক মোটরসাইকেলে থাকা কয়েকজন তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১ ডিসেম্বর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তথ্যমতে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। দীর্ঘদিন ধরে তিনি জুরাইনে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্প্রতি পাপ্পু শেখের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা তার কারবারে বাধা দিলে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে পাপ্পুকে হত্যা করা হয়।
পুলিশ সদরদপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সারাদেশে খুনের ঘটনায় মামলা হয়েছে তিন হাজার ৭৮৫টি। যদিও এর মধ্যে আগের বছরের কিছু ঘটনার মামলাও অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালে খুনের ঘটনা ছিল তিন হাজার ৪৩২টি, অপহরণ ৬৪২টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৭ হাজার ৫৭১টি। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে খুন ২৩১টি, অপহরণ ৫১টি; ফেব্রুয়ারিতে খুন ২৪০টি, অপহরণ ৪৩টি; মার্চে খুন ২৩৯টি, অপহরণ ৫১টি; এপ্রিল মাসে খুন বেড়ে দাঁড়ায় ২৯৬টিতে। আগস্ট মাসে খুনের সংখ্যা সর্বোচ্চ ৬২৬টিতে পৌঁছায়। একই বছর ডিসেম্বর মাসে খুন হয় ২০৪ জন এবং অপহরণের ঘটনা ঘটে ৭৪টি।
এর আগের বছর ২০২৩ সালে সারাদেশে খুনের ঘটনা ছিল তিন হাজার ২৩টি, অপহরণ ৪৬৩টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৮ হাজার ৯৪১টি। ওই বছরেও মাসভিত্তিক পরিসংখ্যানে খুন ও অপহরণের ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করা যায়।
সর্বশেষ গত ৩০ নভেম্বর খুলনার আদালত চত্বরে প্রকাশ্যে ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার নামে দুই যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এর আগে ১৭ নভেম্বর রাজধানীর পল্লবীর একটি হার্ডওয়্যার দোকানের ভেতরে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, এসব হত্যাকাণ্ডে জড়িতরা পেশাদার ও ভাড়াটে খুনি।
বিশ্লেষকদের মতে, অপহরণ ও হত্যার মতো সহিংস অপরাধের দ্রুত বৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের সতর্ক সংকেত। তারা মনে করছেন, কঠোর অভিযান চালানোর পাশাপাশি অপরাধের মূল কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
সূত্রঃ সমকাল
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au