অস্ট্রেলিয়া

শত বছরের রেকর্ড ভেঙেছে কুইন্সল্যান্ডের বৃষ্টি, ঘূর্ণিঝড়ের পর জরুরি সতর্কতা জারি

  • 6:23 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
শত বছরের রেকর্ড ভেঙেছে কুইন্সল্যান্ডের বৃষ্টি, জরুরি সতর্কতা জারি। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ জানুয়ারি- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের একটি শহরে গত ১১০ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ঘূর্ণিঝড় ‘কোজি’ দুর্বল হয়ে নিম্নচাপের রূপ নিলেও এর প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে, সাবেক এই ঘূর্ণিঝড়টি গতকাল সকালে আয়ার ও বোয়েন এলাকার মাঝামাঝি স্থলভাগে আঘাত হানে। এরপর এটি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় এবং বর্তমানে সেন্ট্রাল হাইল্যান্ডস ও কোলফিল্ডস অঞ্চলের ওপর অবস্থান করছে। তবে দুর্বল হলেও এর প্রভাব এখনও বিস্তৃত এলাকায় অনুভূত হচ্ছে।

হ্যামিলটন আইল্যান্ডে ঘণ্টায় সর্বোচ্চ ১১৩ কিলোমিটার বেগে বাতাসের গতি রেকর্ড করা হয়েছে। ম্যাকাই শহরে ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যা দেখা দিয়েছে।

নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ক্রমশ দুর্বল হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবুও এর গতিপথে থাকা শহর ও জনপদগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। ম্যাকাই থেকে রকহ্যাম্পটন পর্যন্ত ক্যাপ্রিকর্নিয়া, সেন্ট্রাল কোস্ট ও হুইটসানডেস, সেন্ট্রাল হাইল্যান্ডস, কোলফিল্ডস এবং সেন্ট্রাল ওয়েস্ট পূর্বাভাস এলাকায় তীব্র আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে।

রকহ্যাম্পটনে আজ সর্বোচ্চ ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের ভেতরের দিকে রোলেস্টন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ক্লেয়ারমন্ট শহরে গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ায় সেখানে হঠাৎ বন্যার জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৯১৬ সালের পর এটিই ক্লেয়ারমন্টের সবচেয়ে বৃষ্টিবহুল দিন। শহরের বাসিন্দাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্লেয়ারমন্টের স্থানীয় স্কুলশিক্ষক মলি ব্র্যাডশ জানান, অল্প সময়ের মধ্যেই তার বাড়ির সামনের গেট পর্যন্ত বন্যার পানি উঠে আসে। এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে উঁচু স্থানে সরে যেতে হয়। তিনি বলেন, বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রুবিভেল ও স্যাফায়ার এলাকাতেও অতিরিক্ত বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি বলেছেন, সাবেক ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যজুড়ে যে সাড়া দেওয়া হয়েছে তাতে তিনি গর্বিত। তবে তিনি সতর্ক করে বলেন, বিপদ এখনো কাটেনি। তার ভাষায়, ভারী বৃষ্টির ঝুঁকি এখনও রয়েছে এবং ভরাট জলাধারগুলোর কারণে নতুন করে বন্যা দেখা দিতে পারে।

সপ্তাহান্তের ঝড় ও বৃষ্টিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়ার কারণে প্রায় ৪০ হাজারের বেশি গবাদিপশু ও পশু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রকহ্যাম্পটনের কাছে গ্রিনএকার এলাকায় বড় ধরনের উদ্ধার অভিযান চালিয়ে একটি গাড়িতে আটকে পড়া এক নারী, তার দুই সন্তান ও দুটি কুকুরকে উদ্ধার করা হয়েছে।

পাইওনিয়ার ভ্যালিসহ কয়েকটি এলাকায় পানযোগ্য পানির সরবরাহ ব্যাহত হয়েছে। সেসব এলাকার বাসিন্দাদের অস্থায়ী পানির ট্যাংকার থেকে নিজস্ব পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত রাত পর্যন্ত রাজ্যের ২২ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এরগন জানিয়েছে, এর মধ্যে প্রায় ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে প্রায় আড়াই হাজার স্থাপনা এখনও বিদ্যুৎবিহীন রয়েছে।

প্রিমিয়ার ক্রিসাফুলি স্থানীয় জনগণ, কাউন্সিল, জরুরি সেবা সংস্থা এবং ফেডারেল সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, সারারাত পরিশ্রম আর মাঠপর্যায়ে সম্পদের উপস্থিতির কারণেই ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।

তিনি আগামী কয়েক দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কুইন্সল্যান্ডবাসী দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কিছু এলাকায় আবারও ভারী বৃষ্টি হতে পারে। প্রস্তুতি নিলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এদিকে তিনি নিশ্চিত করেছেন, হুইটসানডেস অঞ্চলের প্রোসারপিনে অনুষ্ঠিতব্য রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বৈঠকে তিনি নিজে সভাপতিত্ব করবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের মানুষদের অবহেলা করা হবে না।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au