খেলা

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত

  • 11:47 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:২৮০ বার
বিপিএল এর লোগো ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

বুধবার ১৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে যে সংকটের সূচনা হয়েছিল, তা বৃহস্পতিবার এসে আরও গভীর আকার ধারণ করে। ওই মন্তব্যের পরপরই তার পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কোয়াব।

ক্রিকেটারদের প্রবল চাপের মুখে বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে এতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বোর্ডের সিদ্ধান্তের পরও ক্রিকেটাররা মাঠে ফেরেননি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির পরিচালক ইফতেখার মিঠু সাংবাদিকদের জানিয়েছেন, বিপিএল স্থগিতের বিষয়টি রাতের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে অনির্দিষ্টকালের জন্য বিপিএলের সব ম্যাচ বন্ধ থাকবে।

আজ থেকেই বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোয়াবের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বয়কট করায় একটি ম্যাচও মাঠে গড়ায়নি। ফলে আজকের দুটি ম্যাচই আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যায়।

দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের মাঠে নামার কথা ছিল। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও কোনো দলই মাঠে আসেনি। এর মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিপিএল টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানসহ বোর্ডের একাধিক শীর্ষ কর্মকর্তা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

মাঠে খেলা শুরু না হলেও অনেক দর্শক গ্যালারিতে ঢুকে পড়েন। আরও বহু দর্শক স্টেডিয়ামের বাইরে অপেক্ষায় ছিলেন। ক্রিকেটারদের মাঠে নামাতে ব্যর্থ হওয়ায় বিসিবি ম্যাচ শুরু করতে পারেনি। এ সময় দর্শকদের উদ্দেশে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা প্রচার করা হয়।

বার্তায় বিসিবি জানায়, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণে বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বোর্ড দুঃখ প্রকাশ করে এবং ম্যাচ দ্রুত শুরু করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে আশ্বাস দেয়।

তবে দীর্ঘ অপেক্ষার পর একপর্যায়ে দর্শকরা ধৈর্য হারান। গ্যালারিতে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

এই সময়েই বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেখানে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা তাদের দাবিতে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন এবং বোর্ডের পদক্ষেপে সন্তুষ্ট না হওয়ার কথা জানান।

ক্রিকেটারদের ওই সংবাদ সম্মেলনের পরপরই বিসিবি মাঠে ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি বন্ধ করে দেয়। দর্শকরাও ধীরে ধীরে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। আজকের ম্যাচের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কি না কিংবা ম্যাচগুলো পরবর্তীতে নতুন করে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।

সব মিলিয়ে ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের সিদ্ধান্ত এবং বিপিএল স্থগিতের ঘোষণায় দেশের ক্রিকেটে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সমাধান নিয়ে এখনো কোনো স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

বিলি স্লেটারের উত্তরসূরি দারিয়াস বয়েড, কুইন্সল্যান্ডের নতুন স্টেট অব অরিজিন কোচ

অস্ট্রেলিয়ার স্টেট অব অরিজিনে কুইন্সল্যান্ড মারুনসের নতুন কোচ হিসেবে দারিয়াস বয়েডকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদায়ী কোচ বিলি স্লেটারের জায়গায় ৩৯ বছর বয়সী সাবেক এই তারকাকে…

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক…

‘বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ভুল ছিল’, বললেন তামিম

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল ও হঠকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তাঁর মতে, পরিস্থিতি…

উজবেকিস্তানের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে শুরু থেকেই…

আর্জেন্টিনাকে বিদায় জানালেন মেসি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বাবার মৃত্যুর এক মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্তের…

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফির ইতিহাসে ৫৭ বছর ধরে টিকে থাকা সবচেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au