জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন, ১৬ জানুয়ারি- দেশজুড়ে চলমান তীব্র সরকারবিরোধী আন্দোলনের মধ্যে গ্রেফতার হওয়া ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের কাছে পাওয়া তথ্যে জানা গেছে, ইরান সরকার ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত রেখেছে। এই বিক্ষোভকারীদের বুধবারই ফাঁসি হওয়ার কথা ছিল বলে তিনি উল্লেখ করেন।
লেভিটের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মিত্র দেশের চাপের মুখে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে ফাঁসি স্থগিতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।
প্রায় ২০ দিন ধরে চলা এই সরকারবিরোধী আন্দোলনে ইরান কার্যত অচল হয়ে পড়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা ইসলামি প্রজাতন্ত্রী সরকার তাদের ৪৭ বছরের শাসনামলে এত ব্যাপক ও বিস্তৃত আন্দোলনের মুখে আগে কখনও পড়েনি বলে বিশ্লেষকদের মত।
এই বিক্ষোভের মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকট। বছরের পর বছর অবমূল্যায়নের ফলে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। ডলারের বিপরীতে রিয়েলের মান নেমে এসেছে প্রায় ৯ লাখ ৯৪ হাজারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রায় অসহনীয় করে তুলেছে।
জাতীয় মুদ্রার এই দুরবস্থার প্রভাবে দেশে চরম মূল্যস্ফীতি দেখা দিয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রতিবাদেই গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারে ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ীরা। সেখান থেকেই আন্দোলনের সূচনা হয়।
মাত্র কয়েক দিনের মধ্যে এই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। দিন যত গড়িয়েছে, আন্দোলনের তীব্রতাও তত বেড়েছে। বর্তমানে বিক্ষোভকারীদের কর্মসূচিতে দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিক্ষোভ দমনে সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করেছে। সরকারি ও বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, জনগণ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং গ্রেফতার হয়েছেন আরও বহু বিক্ষোভকারী।
এই প্রেক্ষাপটে ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিতের সিদ্ধান্ত ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আনলেও, চলমান সংকটের স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
সূত্র : এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au