বাংলাদেশ

এলডিসি উত্তরণ নিয়ে জাতিসংঘের নির্ধারিত ঢাকা সফর স্থগিত

  • 5:54 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
জাতিসংঘের পতাকা। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- জাতিসংঘের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ বিষয়ে বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতি মূল্যায়ন এবং সরকারের অবস্থান জানার লক্ষ্যে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল এই প্রতিনিধিদলের। একই সঙ্গে আগামী ২১ জানুয়ারি এলডিসি উত্তরণ নিয়ে একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচিও নির্ধারিত ছিল। তবে সফরের আগেই এ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধিদলটির ঢাকায় আসার কথা ছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ সময়ে সফরটি না করার সিদ্ধান্ত জাতিসংঘকে জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসতে পারে।

এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উত্তরণের সম্ভাব্য প্রভাব এবং উত্তরণ-পরবর্তী সময়ের কৌশল বাস্তবায়নের পথনকশা তৈরির উদ্দেশ্যে গত বছরের নভেম্বর মাসে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছ থেকে মতামত ও নথিপত্র সংগ্রহ করে জাতিসংঘ। এসব তথ্যের ভিত্তিতেই একটি চূড়ান্ত প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ঢাকা সফর স্থগিত হলেও নির্ধারিত সময় অনুযায়ী মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশে পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘ এ দফায় না এলেও পরে অবশ্যই আসবে। তবে তাদের প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ হাতে পাবে এবং এরপর বাকি প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে।

এদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন দেশের ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় উত্তরণ কিছু সময় পিছিয়ে দেওয়া উচিত। এলডিসি তালিকা থেকে বের হলে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাংলাদেশের শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা আর থাকবে না। এতে দেশের রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এলডিসি উত্তরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পুরোপুরি ইতিবাচক নয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে যেকোনো একটি দেশ আপত্তি জানালে সেটিকে সম্মিলিত বিরোধিতা হিসেবে গণ্য করা হয়, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশসহ ১৬টি ব্যবসায়ী সংগঠন গত বছরের ২৪ আগস্ট একযোগে সংবাদ সম্মেলন করে এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবি জানায়। সরকার ইতোমধ্যে জাতিসংঘকে এই দাবির বিষয়টি অবহিত করেছে। তবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত উত্তরণ পেছানোর বিষয়ে জাতিসংঘের কাছ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত পায়নি। অন্যদিকে লাওস ও নেপাল এখনো এলডিসি থেকে উত্তরণ পেছানোর কোনো উদ্যোগ নেয়নি।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বের হওয়ার কথা রয়েছে। তবে ব্যবসায়ীরা উত্তরণ পেছানোর দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছেন, এলডিসি থেকে উত্তরণ ২০২৬ সালেই হবে। তার বক্তব্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার উত্তরণ পেছানোর জন্য কোনো আবেদন করবে না। নির্বাচিত সরকার চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এ প্রসঙ্গে আনিসুজ্জামান চৌধুরী বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল উপদেষ্টা পরিষদসহ বড় পরিসরের একটি সম্মেলনের প্রস্তাব দিয়েছিল। তবে সামনে সংসদ নির্বাচন থাকায় অল্প সময়ের মধ্যে এমন আয়োজন সম্ভব নয় বলে জানানো হয়েছে।

ব্যবসায়ীদের দাবির বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের খুব বেশি কিছু করার নেই। বিষয়টি শেষ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে যাবে এবং সেখানে উত্তরণ পেছানোর পক্ষে ৫১ শতাংশ ভোট পাওয়া সহজ নয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন মিললে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণি থেকে বেরিয়ে যাবে। এর আগে ২০১৮ সালে মাথাপিছু আয়, মানবসম্পদ এবং জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনটি সূচকে উত্তীর্ণ হয়ে উত্তরণের যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ২০২১ সালের পর্যালোচনার পর কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে।

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, তারা চান এলডিসি থেকে উত্তরণ অন্তত তিন বছর পিছিয়ে যাক, কারণ এখনো প্রস্তুতির ঘাটতি রয়ে গেছে। তিনি বলেন, কারিগরি শিক্ষা ও উৎপাদনশীলতা বাড়াতে ব্যবসায়ীদের যেমন সীমাবদ্ধতা রয়েছে, তেমনি সরকারের ঘাটতিও বড়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যে স্তরে বাংলাদেশ যেতে চায়, সেখানে অন্য দেশগুলোর ব্যাংকঋণের সুদের হার ৫ শতাংশের নিচে, অথচ বাংলাদেশে তা প্রায় ১৫ শতাংশ। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে নিরবচ্ছিন্নতা নেই, পাশাপাশি সুশাসন ও অবকাঠামোর দুর্বলতাও রয়েছে। এসব সমস্যার সমাধান না করে কেবল নামমাত্র এলডিসি থেকে উত্তরণ হলে দেশের প্রকৃত লাভ কী হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au