খেলা

বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

  • 7:23 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আরও গভীর হলো। ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সেখানে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অবস্থানে বাংলাদেশের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করছে পিসিবি। বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট আশঙ্কাকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। বোর্ড কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশ সংক্রান্ত সংকটের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি সম্মানজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাববে। এমনকি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিশ্বকাপে অংশ না নিলে কী করা হবে, সে জন্য বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখতে টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিসিবির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জিও সুপার জানায়, আয়োজক দেশ হওয়ার অজুহাতে কোনো দেশের ওপর চাপ সৃষ্টি করা বা হুমকি দেওয়া উচিত নয় বলে মনে করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানায়, শ্রীলঙ্কার ভেন্যু কোনো কারণে ব্যবহার করা না গেলে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে তারা প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো আন্তর্জাতিক মানের এবং বিশ্বকাপ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করেছে পিসিবি।

এদিকে সংকট সমাধানের পথ হিসেবে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তনে আগ্রহী নয়। ক্রিকেট আয়ারল্যান্ড বিষয়টি নিশ্চিত করেছে বলেও জানিয়েছে ওই প্রতিবেদন। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদলের প্রস্তাব কার্যত বাতিল হয়ে গেছে।

তবে বিষয়টি নিয়ে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি আইরিশ ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যদিও ওই আলোচনায় কতটা অগ্রগতি হয়েছে, তা জানা যায়নি। আইরিশরা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা আইসিসির নেই। এ ক্ষেত্রে স্বাগতিক দেশ শ্রীলঙ্কার সম্মতিও প্রয়োজন হবে।

বর্তমান সূচি অনুযায়ী গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড। এই গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি, যাদের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত।

বাংলাদেশের ভারত সফরে অনীহার প্রেক্ষাপটে আইসিসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং বাংলাদেশকে গ্রুপ ‘সি’-তে কলকাতা ও মুম্বাইতেই খেলতে হবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au